সকালে না খেয়েও বাড়ছে রক্তে শর্করা? ডায়াবিটিস নিয়ন্ত্রণে বদল আনুন প্রাতরাশের অভ্যাসে

সকালে না খেয়েও বাড়ছে রক্তে শর্করা? ডায়াবিটিস নিয়ন্ত্রণে বদল আনুন প্রাতরাশের অভ্যাসে

সকালে ঘুম থেকে উঠেই স্নান সেরে অফিসের পথে রওনা হওয়া। ব্যস্ততার কারণে অনেক সময় ঠিকমতো প্রাতরাশ করারও সুযোগ হয় না। কিন্তু ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে সকালের এই অনিয়ম বিপদ ডেকে আনতে পারে। শুধু খাবার নয়, দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পরেও সকালে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। চিকিৎসকদের মতে, ঘুম থেকে ওঠার পর কয়েকটি সাধারণ অভ্যাসে পরিবর্তন আনলে রক্তে শর্করার ওঠানামা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য পাওয়া সম্ভব।

সকালে না খেয়েও কেন বাড়ে রক্তে শর্করা?

অনেক ডায়াবিটিস রোগীই সকালে ঘুম থেকে উঠে দেখেন, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি। অথচ আগের রাতে খাওয়ার পর দীর্ঘ সময় তাঁরা কিছু খাননি। এর অন্যতম কারণ হতে পারে ‘ডন ফেনোমেনন’ (Dawn Phenomenon) বা ভোরবেলার হরমোনজনিত প্রভাব।

ভোরের দিকে শরীরে কর্টিসল ও গ্রোথ হরমোনের মতো কয়েকটি হরমোনের নিঃসরণ বাড়ে। এই হরমোনগুলি শরীরকে ঘুম থেকে জেগে ওঠার জন্য প্রস্তুত করে। এর প্রভাবে যকৃতে গ্লুকোজ় উৎপাদনের পরিমাণ বেড়ে যায়। একই সঙ্গে সাময়িক ভাবে ইনসুলিনের কার্যকারিতাও কমতে পারে। ডায়াবিটিসে আক্রান্ত ব্যক্তিদের শরীরে ইনসুলিন তৈরি বা তার কার্যকারিতায় সমস্যা থাকায় সকালে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। এ ছাড়া পর্যাপ্ত ঘুমের অভাবও সকালে রক্তে শর্করা বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে।

কেমন হওয়া উচিত সকালের রুটিন?

১. পানীয়ের অভ্যাসে বদল আনুন: সকালে চা বা কফি খাওয়ার অভ্যাস থাকলে তা পুরোপুরি বন্ধ করার প্রয়োজন নেই। তবে চা-কফিতে অতিরিক্ত চিনি মেশানো এবং তার সঙ্গে বিস্কুট খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা উচিত। বিশেষত খালি পেটে এই ধরনের খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। তাই ধীরে ধীরে পানীয়তে চিনির পরিমাণ কমিয়ে আনুন। পাশাপাশি, সকালে ঘুম থেকে উঠে সাধারণ জল খাওয়ার অভ্যাস করুন।

২. প্রাতরাশে রাখুন প্রোটিন ও ফাইবার: কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবারের পরিবর্তে প্রোটিন ও ফাইবারযুক্ত খাবারকে প্রাধান্য দেওয়া দরকার। ডিম, পনির, মুগ ডালের চিলা, টক দই, স্প্রাউট্‌স, গ্রিল করা সব্জি এবং বাদাম প্রাতরাশের তালিকায় রাখতে পারেন। গোটা ফল খাওয়ার অভ্যাস করুন। ফলের রসের পরিবর্তে গোটা ফল খেলে প্রাকৃতিক শর্করার পাশাপাশি ফাইবারও শরীরে প্রবেশ করে। ফলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা কমে।

৩. প্রাতরাশের পর হাঁটুন: সকালে খাওয়ার পরেই দীর্ঘক্ষণ বসে থাকা বা কোনও রকম শারীরিক পরিশ্রম না করা রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির কারণ হতে পারে। তাই প্রাতরাশের পর কিছুক্ষণ হাঁটার অভ্যাস করুন। হাঁটাচলার ফলে পেশি গ্লুকোজ় ব্যবহার করতে পারে। এতে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাওয়ার প্রবণতা কমাতে সাহায্য মেলে।

তবে ডায়াবিটিস নিয়ন্ত্রণে রাখার জন্য সবার ক্ষেত্রে একই নিয়ম কার্যকর হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। পর্যাপ্ত ঘুম, সুষম প্রাতরাশ, চিনি ও পরিশোধিত কার্বোহাইড্রেটের পরিমাণ কমানো এবং নিয়মিত শরীরচর্চার অভ্যাস দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ ও ইনসুলিন গ্রহণের নিয়ম মেনে চলাও জরুরি। নিজের সিদ্ধান্তে কখনও ওষুধের মাত্রা বা গ্রহণের সময় পরিবর্তন করা উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.