বীরভূমে পুলিশের গুলিতে নিহত কনস্টেবলকে গুলি করার অভিযুক্ত রতন, রাজ্যে পঞ্চম ‘এনকাউন্টার’ ঘিরে বিতর্ক

বীরভূমে পুলিশের গুলিতে নিহত কনস্টেবলকে গুলি করার অভিযুক্ত রতন, রাজ্যে পঞ্চম ‘এনকাউন্টার’ ঘিরে বিতর্ক

বীরভূমের নানুরে পুলিশের গুলিতে মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলকে গুলি করার ঘটনায় অভিযুক্ত রতন শেখের। রবিবারের এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ছ’মাসে রাজ্যে এই নিয়ে পঞ্চম ‘এনকাউন্টার’-এর ঘটনা ঘটল। পুলিশের দাবি, অস্ত্র উদ্ধারে নিয়ে যাওয়ার সময় আচমকাই গুলি চালান রতন। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। যদিও পুলিশের এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য অবশ্য স্পষ্ট। তিনি বলেন, “বাংলায় ধর্ষক, খুনিদের কোনও জায়গা নেই। পুলিশকে গুলি করলে, যা করার সেটাই করবে। গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? গুন্ডারা বাংলাদেশ পালাও। এখানে থাকলে যা করার তাই করব।” উল্লেখ্য, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার আগেই শুভেন্দু বলেছিলেন, “অপরাধীরা ছাড় পাবে না। সকালে জমা, বিকেলে খরচ হবে।”

তবে মুখ্যমন্ত্রীর এই অবস্থানের সঙ্গে একমত হতে পারছেন না বিরোধী শিবিরের নেতারা। অপরাধীদের কঠোর শাস্তির পক্ষে সওয়াল করেও এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, অপরাধীর শাস্তি দেওয়ার দায়িত্ব বিচারবিভাগের। পুলিশ ও প্রশাসনের কাজ দ্রুত এবং দক্ষতার সঙ্গে তদন্ত করে অপরাধীকে আদালতে দোষী সাব্যস্ত করার ব্যবস্থা করা। কুণালের কথায়, “নিশ্চয়ই অপরাধীর কঠিন শাস্তি হওয়া উচিত। বিশেষ বিশেষ অপরাধের ক্ষেত্রে কঠোরতম শাস্তি হওয়া উচিত। কিন্তু শাস্তিটা দেবে কে এবং কী ভাবে? বিচারবিভাগ শাস্তি দেবে।”

বার বার অভিযুক্তের পালানোর চেষ্টা, পুলিশের উপর হামলা কিংবা অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার মতো ঘটনার কথা সামনে আসায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল। তাঁর বক্তব্য, এই ধরনের ঘটনার কোনও ভিডিয়ো সাধারণত প্রকাশ্যে আসে না। ফলে পুলিশের দেওয়া ব্যাখ্যা মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা কঠিন হয়ে পড়ে। তাঁর আশঙ্কা, বিচারব্যবস্থার বাইরে গিয়ে এ ভাবে অপরাধীদের শাস্তি দেওয়ার প্রবণতা চলতে থাকলে ভবিষ্যতে তার অপব্যবহার হতে পারে।

একই সুর শোনা গিয়েছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্যেও। তিনি বলেন, দুষ্কৃতীদের অপরাধ কিংবা পুলিশকর্মীদের উপর হামলার কোনও সমর্থন হতে পারে না। কিন্তু অপরাধের বিচার করার জন্য দেশের আইন ও আদালত রয়েছে। তাঁর কথায়, সরকারের কাজকর্ম দেখে মনে হচ্ছে, আইন-আদালতের আর কোনও প্রয়োজন নেই। এনকাউন্টারের এই প্রবণতাকে কেউ সমর্থন করলে ভবিষ্যতে সেই বিপদ তাঁর দিকেও আসতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরীও অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, “আমরা বাংলাকে এনকাউন্টার রাজ্য বানাতে চাই না।” তাঁর বক্তব্য, পুলিশকে স্বচ্ছ তদন্ত করে আদালতে রিপোর্ট জমা দিতে হবে। আদালতের নির্দেশ অনুযায়ী অপরাধীদের শাস্তি হোক। পাশাপাশি, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে পুলিশ-প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এক পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত রতনকে রবিবার পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। যদিও এ বিষয়ে পুলিশের তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদের মুখে অপরাধের কথা স্বীকার করেন রতন। শুক্রবার কনস্টেবলকে লক্ষ্য করে যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল, সেটি কোথায় রাখা রয়েছে, তা-ও পুলিশকে জানান তিনি।

সেই সূত্র ধরেই রবিবার বিকেলে রতনকে নিয়ে নানুরের একটি পরিত্যক্ত ইটভাটায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। অভিযোগ, সেখানে পৌঁছনোর পর আচমকাই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালান রতন। পুলিশের গাড়িতেও গুলি লাগে। এরপর আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। তাতেই গুলিবিদ্ধ হন অভিযুক্ত। দ্রুত তাঁকে নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। পরে তাঁর দেহ বোলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ময়নাতদন্ত হওয়ার কথা।

উল্লেখ্য, বিজেপি সরকারের ছ’মাসের শাসনকালে এর আগে বারুইপুর, গাইঘাটা, সামশেরগঞ্জ এবং রায়গঞ্জে চারটি এনকাউন্টারের ঘটনা ঘটেছে। সেই তালিকায় নানুরের ঘটনা যুক্ত হওয়ায় রাজ্যে পুলিশের ভূমিকা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে।

বীরভূমের নানুরের সাঁওতা গ্রামের বাসিন্দা ছিলেন রতন শেখ। স্থানীয় সূত্রে তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজকর্মের অভিযোগ ছিল। বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা এবং মাদক পাচার-সহ একাধিক মামলা ছিল তাঁর বিরুদ্ধে। পুলিশ সূত্রের দাবি, কয়েক মাস আগে একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি। শুক্রবার জামিনে মুক্তি পাওয়ার পর অন্য একটি মামলার সূত্রে তাঁকে ধরতে গিয়েছিল পুলিশ। সেই সময়ই কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.