‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম বার ভারতে আসছেন পাকিস্তানের মন্ত্রী, ২০ নভেম্বর দিল্লিতে এসসিও সম্মেলন

‘অপারেশন সিঁদুর’-এর পর প্রথম বার ভারতে আসছেন পাকিস্তানের মন্ত্রী, ২০ নভেম্বর দিল্লিতে এসসিও সম্মেলন

‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম বার ভারতের মাটিতে পা রাখতে চলেছেন পাকিস্তানের কোনও মন্ত্রী। আগামী ২০ নভেম্বর থেকে দিল্লিতে শুরু হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের (এসসিও) তিন দিনের ‘সিভিলাইজ়েশন ডায়লগ’। ওই সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধি হিসেবে যোগ দিতে ভারতে আসছেন সে দেশের জলবায়ু মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক। শনিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে এই খবর জানানো হয়েছে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গত বছরের মে মাসে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছিল ভারতীয় সেনা। এর পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। টানা চার দিন ধরে চলে উত্তেজনা ও সংঘর্ষ। সেই অভিযানের পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের টানাপড়েন অব্যাহত। এই পরিস্থিতিতে পাকিস্তানের কোনও মন্ত্রীর ভারতে আসার সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শেষ বার ২০২৩ সালের মে মাসে ভারতে এসেছিলেন পাকিস্তানের কোনও মন্ত্রী। সে বার এসসিও-র বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে গোয়ায় এসেছিলেন পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জ়ারদারি। প্রায় সাড়ে তিন বছর পর ফের এসসিও-র কর্মসূচিতেই ভারতে আসছেন পাকিস্তানের কোনও মন্ত্রী।

গত ২৮ অক্টোবর নয়াদিল্লির তরফে জানানো হয়েছিল, প্রচলিত রীতি মেনে এসসিও-র সমস্ত সদস্য রাষ্ট্রকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে বর্তমান কূটনৈতিক পরিস্থিতিতে পাকিস্তান আদৌ প্রতিনিধি পাঠাবে কি না, তা নিয়ে সংশয় ছিল। শনিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে পাক বিদেশ মন্ত্রক জানায়, জলবায়ু মন্ত্রী মুসাদ্দিক মাসুদ মালিক দিল্লির সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।

পাক বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘এসসিও-র ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বিভিন্ন আলোচনা এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বাড়াতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’’

শাহবাজ় শরিফের মন্ত্রিসভার অন্যতম পরিচিত মুখ মুসাদ্দিক। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের টক-শোয়ে নিয়মিত দেখা যায় তাঁকে। বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরতেও তাঁকে দেখা যায়।

উল্লেখ্য, এসসিও-র বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে অতীতেও পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ তুলেছে ভারত। গত সেপ্টেম্বরের এসসিও সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিচারিতার বিরোধিতা করে বলেছিলেন, ‘‘সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিচারিতার কোনও স্থান নেই।’’ সেই সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফও।

পহেলগাঁও হামলার পর থেকে আন্তর্জাতিক মঞ্চে সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সরব হয়েছে নয়াদিল্লি। বিভিন্ন কূটনৈতিক আলোচনায় ইসলামাবাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ভারত। এই আবহে দিল্লির এসসিও সম্মেলনে পাকিস্তানের প্রতিনিধির উপস্থিতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ।

এ দিকে, এসসিও-র পরবর্তী শীর্ষ সম্মেলনের প্রস্তুতিও শুরু হয়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেই প্রস্তুতির অংশ হিসেবে গত মাসে ভারতের এসসিও-র জাতীয় সমন্বয়ক অলোক ডিমরীকে ইসলামাবাদে পাঠানো হয়েছিল। এ বার সম্মেলনে যোগ দিতে পাকিস্তানও প্রতিনিধি পাঠাচ্ছে দিল্লিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.