সাইবার অপরাধের মামলায় অভিযুক্ত হওয়ার অনেক আগে থেকেই পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ ছিলেন আসানসোলের প্রতাপ দাস ওরফে প্যাঁও। একাধিকবার তাঁকে গ্রেফতারের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল পুলিশ। শেষ বার গত বুধবার পুলিশের অভিযান চলাকালীন গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। শুক্রবার ফের তাঁর সন্ধান পেয়ে আর কোনও ঝুঁকি নিতে চায়নি পুলিশ। গোটা এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান। আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও পুলিশের দাবি, ফের বাহিনীকে লক্ষ্য করে গুলি চালান প্রতাপ। পাল্টা গুলিতে জখম হন তিনি। আসানসোলের হিরাপুর থানার পাঞ্জা গলিতে প্রায় পৌনে দু’ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। অভিযানের প্রায় ১১ ঘণ্টা পরে সাংবাদিক বৈঠক করে ঘটনার বিস্তারিত বিবরণ দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রতাপের কাছ থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
শুক্রবার রাত ৯টার পর সাংবাদিক বৈঠকে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) ধ্রুব দাস জানান, প্রতাপের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র রাখা, চুরি, ডাকাতি-সহ একাধিক অভিযোগ রয়েছে। সাম্প্রতিক একটি ডাকাতির ঘটনায় তাঁকে খুঁজছিল পুলিশ। ডিসি জানান, আসানসোল দক্ষিণ থানা এলাকায় একটি ডাকাতির ঘটনায় অভিযুক্ত ছিলেন প্রতাপ। সেই সূত্রে গত বুধবার হিরাপুর থানার মাদার টেরেসা সরণি এলাকার তাঁর বাড়িতে গ্রেফতার করতে যায় পুলিশ। কিন্তু পুলিশের অভিযোগ, অভিযানের সময় বাহিনীকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যান তিনি। এই ঘটনায় হিরাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবারের পর থেকে বিভিন্ন জায়গায় প্রতাপের খোঁজে তল্লাশি চালানো হয়। তাঁর সঙ্গে ওঠাবসা রয়েছে, এমন অন্তত ৮০ জনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়, প্রতাপ হিরাপুর এলাকাতেই রয়েছেন। ডিসি ধ্রুব দাস জানান, হিরাপুরের ইসমাইল এলাকার একটি জনবসতিপূর্ণ জায়গায় তাঁর উপস্থিতির খবর পায় পুলিশ। হিরাপুর থানা থেকে ওই এলাকার দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার। খবর পেয়েই বিশেষ দল গঠন করে অভিযান শুরু হয়।
ডিসির দাবি, শুক্রবার সকাল ৮টা ৪৫ মিনিটে অভিযান শুরু করে পুলিশ। প্রতাপ যাতে কোনও ভাবেই পালাতে না পারেন, সে জন্য গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছিল। তল্লাশির কিছুক্ষণ পরেই তাঁর সন্ধান মেলে। বারবার আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলেও তিনি তা মানেননি বলে অভিযোগ পুলিশের।
ধ্রুব দাসের বক্তব্য, আত্মসমর্পণের নির্দেশ উপেক্ষা করে প্রতাপ পুলিশের দিকে দু’রাউন্ড গুলি চালান। তাতে পুলিশকর্মীদের জীবন বিপন্ন হয়ে পড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। মোট তিন রাউন্ড গুলি চালানো হয়। তার মধ্যে একটি গুলি প্রতাপের পায়ে লাগে বলে জানান ডিসি। সকাল সাড়ে ১০টা নাগাদ অভিযান শেষ হয়। জখম অবস্থায় প্রতাপকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালের পুলিশ সেলে রাখা হয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ তাঁকে আদালতে হাজির করবে।
‘মুসাফির ফাঁসিয়েছে’, দাবি প্রতাপের
গুলিবিদ্ধ অবস্থায় স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় প্রতাপের মুখে উঠে আসে এক ব্যক্তির নাম— মুসাফির। প্রতাপের দাবি, ওই ব্যক্তি তাঁকে খুনের বরাত দিয়েছিলেন। কিন্তু তিনি সেই সুপারি নিতে রাজি হননি। সেই কারণেই প্রতিহিংসার বশে তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে মুসাফির কে, তা এখনও স্পষ্ট নয়। প্রতাপের এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।
‘ভাল হতে চাইলেও হতে দিল না’, অভিযোগ মায়ের
প্রতাপের মা রঞ্জনা দাস স্বীকার করেছেন, তাঁর ছেলে অতীতে অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। তবে তাঁর অভিযোগ, বর্তমানে ছেলে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলেও কিছু ‘প্রভাবশালী’ ব্যক্তি তাঁকে তা করতে দিচ্ছেন না। এনকাউন্টারের পর থেকে ছেলের সঙ্গে দেখা করতে পারেননি বলেও দাবি করেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, গোটা পরিবারের উপর পুলিশের নজরদারি চলছে।
রঞ্জনার কথায়, ‘‘বদমায়েশি তো করেছে। তবে যা করেছে, আগে করেছে। তার শাস্তিও পেয়েছে। জেল হয়েছে, জামিনও পেয়েছে। দু’বছর ও কোনও অপরাধ করেনি। পুলিশ নিজেদের কাজ করানোর জন্য ওকে টানছে। ও যখন ভাল হতে চাইছে, তখন হতে দিচ্ছে না। কিন্তু আমাদের কথা শুনবে কে?’’
প্রতাপের মা দাবি করেছেন, শুক্রবার আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন তাঁর ছেলে। একই দাবি করেছেন প্রতাপের স্ত্রী নীতু দেবীও। তবে তাঁর অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃত ভাবে আত্মসমর্পণের সুযোগ দেয়নি।
নীতুর বক্তব্য, বৃহস্পতিবার রাতে তাঁর ননদের ফোনে যোগাযোগ করেছিলেন প্রতাপ। সেই সময় পুলিশও সেখানে উপস্থিত ছিল। প্রতাপ জানিয়েছিলেন, তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন না, আদালতেই আত্মসমর্পণ করতে চান। নীতুর দাবি, শুক্রবার সেই উদ্দেশ্যেই যাচ্ছিলেন তাঁর স্বামী। কিন্তু পুলিশ কৃতিত্ব নেওয়ার জন্য এনকাউন্টারের ঘটনা ঘটিয়েছে। তাঁর আরও দাবি, পুলিশের কাছে একাধিক ভয়েস রেকর্ডিং রয়েছে। সেগুলি আদালতে জমা দিয়ে নিরপেক্ষ তদন্ত করা হলে প্রমাণ হবে, সাম্প্রতিক কোনও অপরাধে জড়াতে চাননি প্রতাপ। যদিও পরিবারের এই অভিযোগের সত্যতা এখনও যাচাই হয়নি।
সাড়ে ছ’মাসে ছ’টি পুলিশি ‘এনকাউন্টার’, নিহত পাঁচ অভিযুক্ত
পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত সাড়ে ছ’মাসে ছ’টি পুলিশি ‘এনকাউন্টার’-এর ঘটনা ঘটেছে। তার মধ্যে পাঁচটি ঘটনায় অভিযুক্তদের মৃত্যু হয়েছে। একমাত্র ২৭ নভেম্বরের আসানসোলের ঘটনায় প্রতাপ ওরফে প্যাঁও জীবিত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েছেন। তাঁর বিরুদ্ধে সাইবার অপরাধ-সহ একাধিক অভিযোগ রয়েছে।
ঘটনাগুলি হল—
– ১৫ নভেম্বর: বীরভূমের নানুরের বাসিন্দা রতন শেখ শান্তিনিকেতনে পুলিশের দিকে গুলি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশের পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়।
– ৯ নভেম্বর: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকাকে ধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত দিলীপ রায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে জড়িয়ে পড়েন। ওই ঘটনায় তাঁর মৃত্যু হয়।
– ২৭ অক্টোবর: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অপরাধের পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করেন অভিযুক্ত সামাউন শেখ। পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়। এক ব্যবসায়ী তথা বিজেপি কর্মীকে খুনের ঘটনায় তিনি মূল অভিযুক্ত ছিলেন।
– ২৭ অক্টোবর: উত্তর ২৪ পরগনার গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে ধৃত ২৩ বছর বয়সি প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হন। পুলিশের অভিযোগ, অপরাধের পুনর্নির্মাণের সময় তিনি পুলিশের অস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন।
– ৮ জুলাই: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডল অপরাধের পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করেন বলে অভিযোগ। পুলিশের দাবি, তিনি বাহিনীকে লক্ষ্য করে গুলিও চালিয়েছিলেন। পাল্টা গুলিতে তাঁর মৃত্যু হয়।
আসানসোলের ঘটনায়ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে প্রতাপের পরিবার। তবে আগের পাঁচটি ঘটনার মতো এই ক্ষেত্রেও পুলিশের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, পুলিশকে আত্মরক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় ‘ছাড়’ দেওয়া রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আগে পুলিশ টেবিলের তলায় লুকোত। এ বার জবাব দিচ্ছে। পুলিশকে গুলি করেছে। পুলিশও তার জবাব দিচ্ছে।’’

