লোকসভার আসন বৃদ্ধি ও পুনর্বিন্যাস সংক্রান্ত প্রস্তাবে বড়সড় সিদ্ধান্ত নিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত খসড়া বিল। সেখানে প্রতিটি রাজ্যে লোকসভার আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি, পুনর্বিন্যাসের পর রাজ্যগুলির মধ্যে আসনের যে অনুপাত নির্ধারিত হবে, তা আগামী ২৫ বছর, অর্থাৎ ২০৫১ সাল পর্যন্ত অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের দাবি মেনে নেওয়ার পাশাপাশি শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (শরদ) বিলটিকে সমর্থনের ইঙ্গিত দেওয়ায় স্বস্তি বাড়ল কেন্দ্রের।
মন্ত্রিসভার অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, বর্তমানে লোকসভার আসন সংখ্যা ৫৪৩। তা বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনা রয়েছে। আসন পুনর্বিন্যাসের পর রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাত আগামী ২৫ বছর বদলাবে না। অর্থাৎ, ২০৫১ সাল পর্যন্ত নতুন করে আসন পুনর্বিন্যাস সংক্রান্ত কোনও বিল আনার পরিকল্পনা নেই কেন্দ্রের।
ঘটনাচক্রে, শুক্রবার সকালেই আসন পুনর্বিন্যাস নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছিলেন ডিএমকে প্রধান এমকে স্ট্যালিন। তাঁর বক্তব্য ছিল, তামিলনাড়ুর স্বার্থবিরোধী কোনও সিদ্ধান্ত মেনে নেবে না তাঁর দল। লোকসভায় তামিলনাড়ুর বর্তমান ৭.১৮ শতাংশ আসনের ভাগ কোনও অবস্থাতেই কমানো যাবে না বলে দাবি জানিয়েছিলেন তিনি। পাশাপাশি, ১৯৭১ সালের জনগণনার ভিত্তিতে নির্ধারিত রাজ্যগুলির সংসদীয় প্রতিনিধিত্বের অনুপাত অন্তত আগামী ২৫ বছর অপরিবর্তিত রাখার দাবিও তুলেছিলেন স্ট্যালিন।
কেন্দ্রের নতুন প্রস্তাবে প্রতিটি রাজ্যের আসন সংখ্যা ৫০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। ফলে লোকসভায় তামিলনাড়ুর আসনের আনুপাতিক ভাগ কমার আশঙ্কা থাকছে না। অন্য দিকে, ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাত অপরিবর্তিত রাখার সিদ্ধান্তও স্ট্যালিনের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রাজনৈতিক মহলের একাংশের মতে, এর ফলে ডিএমকের ২২ জন সাংসদের সমর্থন পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ল কেন্দ্রের।
সরকারি সূত্রের দাবি, আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনের বর্ধিত পর্বে ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাস করানোর চেষ্টা করবে কেন্দ্র। লোকসভার আসন বৃদ্ধি ও পুনর্বিন্যাসের মাধ্যমে মহিলা সংরক্ষণ কার্যকর করার উদ্দেশ্যেই এই বিল আনার উদ্যোগ। তবে বিলটি পাস করানোর জন্য প্রয়োজনীয় সাংসদ-সমর্থন জোগাড় করাই মোদী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।
বর্তমানে ৫৪৩ আসনের লোকসভায় তিনটি আসন খালি রয়েছে। সংবিধান সংশোধনী বিল পাস করাতে ভোটদানকারী সাংসদদের অন্তত দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। অর্থাৎ, সব সাংসদ ভোটাভুটিতে অংশ নিলে সরকারের পক্ষে অন্তত ৩৬০টি ভোট প্রয়োজন হবে। গত ১৭ এপ্রিল এই বিল পাস করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল মোদী সরকার। সেবার ভোটাভুটিতে অংশ নেওয়া ৫২৮ জন সাংসদের মধ্যে বিলের পক্ষে প্রয়োজন ছিল ৩৫২টি ভোট। কিন্তু সরকার পেয়েছিল মাত্র ২৯৮টি। তবে গত কয়েক মাসে রাজনৈতিক সমীকরণে বেশ কিছু পরিবর্তন এসেছে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল ছেড়ে ২০ জন সাংসদ এনসিপিআই-তে যোগ দেওয়ার দাবি করেন। প্রকাশ্যেই এনডিএ-কে সমর্থনের কথা জানান তাঁরা। যদিও আসন্ন অধিবেশনে ওই সাংসদেরা বিলের পক্ষে ভোট দিতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। গত ১৮ জুন তাঁদের সাংসদপদ খারিজের দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে পৃথক আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পিকার এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ওই ২০ জনকে এনসিপিআই সাংসদ হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়নি।
স্পিকারের সিদ্ধান্ত নিতে বিলম্বের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। এর পর ওই ২০ জন সাংসদের কাছে জানতে চেয়ে চিঠি পাঠান স্পিকার, কেন তাঁদের সাংসদপদ খারিজ করা হবে না। গত মঙ্গলবার প্রত্যেক সাংসদ পৃথক ভাবে সেই চিঠির জবাব দিয়েছেন। এ বার স্পিকারের সিদ্ধান্তের অপেক্ষা। একটি সূত্রের দাবি, ওই ২০ জন সাংসদকে আসন্ন ভোটাভুটিতে অংশ নেওয়ার অনুমতি দিতে পারেন স্পিকার। সে ক্ষেত্রে তাঁদের ভোট বিলের পক্ষেই যেতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই ২০ জনের সমর্থন পেলেও বিল পাস করানোর জন্য প্রয়োজনীয় সংখ্যায় পৌঁছতে আরও অন্তত ২৪ জন সাংসদের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন প্রয়োজন এনডিএর।
এই পরিস্থিতিতে শুক্রবার শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (শরদ)-র অবস্থান কেন্দ্রের পক্ষে নতুন করে স্বস্তির কারণ হয়ে উঠেছে। দলের বিধায়ক জিতেন্দ্র আওহাদ জানিয়েছেন, আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল নিয়ে শরদ পওয়ারের সঙ্গে তাঁর প্রাথমিক আলোচনা হয়েছে। তাঁর বক্তব্য, এই পুনর্বিন্যাস জরুরি। শেষ পর্যন্ত শরদ শিবির বিলের পক্ষে অবস্থান নিলে তাদের আট জন সাংসদের সমর্থন পেতে পারে কেন্দ্র। তবে দলের সাংসদ তথা শরদ-কন্যা সুপ্রিয়া সুলে জানিয়েছেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
শুক্রবারের মন্ত্রিসভার বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন জনগণনা এখনও সম্পন্ন না হওয়ায় রাজ্যগুলির মধ্যে আসন বণ্টনের অনুপাত নির্ধারণের ক্ষেত্রে ১৯৭১ সালের জনগণনাকে ভিত্তি হিসেবে রাখার সময়সীমা আরও ২৫ বছর বাড়ানো হয়েছে। ফলে ২০৫১ সাল পর্যন্ত রাজ্যগুলির আনুপাতিক সংসদীয় প্রতিনিধিত্বে কোনও পরিবর্তন হবে না। আগে ঠিক হয়েছিল, ২০২৬ সালের পর প্রথম জনগণনার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের সাংবিধানিক সময়সীমা নির্ধারণ করা হবে। কিন্তু দ্রুত বিল পাস করানোর লক্ষ্যে সেই অবস্থান থেকে সরে এসে ২০৫১ সাল পর্যন্ত পুরনো অনুপাত বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
কেন্দ্রের এই সিদ্ধান্তে ডিএমকের সমর্থন প্রায় নিশ্চিত বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মতে, ডিএমকে এবং শরদ পওয়ারের দলের সমর্থন মিললে বিল পাসের প্রয়োজনীয় সংখ্যার দিকে অনেকটাই এগিয়ে যাবে মোদী সরকার। তবে বিরোধী শিবিরের উদ্বেগও বাড়ছে।
আসন্ন অধিবেশনে দলের অবস্থান নির্ধারণ করতে কংগ্রেস সাংসদেরা দলনেত্রী সনিয়া গান্ধীর বাসভবনে বৈঠকে বসেছিলেন। কংগ্রেসের তরফে এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও সূত্রের খবর, বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছেন, সাংসদ-সংখ্যার হিসাব যা-ই হোক, আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিলের বিরোধিতা করবে কংগ্রেস। তাঁর কথায়, ‘‘আমাদের সিদ্ধান্ত স্পষ্ট। সেখানে কোনও নড়চড় হবে না।’’
অন্য দিকে, কেন্দ্রের প্রস্তাবের বিরোধিতা করেছেন উদ্ধব ঠাকরের শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। বিলটিকে ‘দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এই পদক্ষেপ করেছে কেন্দ্র। একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, যাঁরা এই বিলের পক্ষে ভোট দেবেন, তাঁরা বিশ্বাসঘাতক হিসেবে বিবেচিত হবেন।
সব মিলিয়ে, আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল ঘিরে সংসদের আসন্ন অধিবেশনে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা। এক দিকে প্রয়োজনীয় সাংসদ-সমর্থন জোগাড়ে তৎপর কেন্দ্র, অন্য দিকে বিলের বিরোধিতায় একজোট হওয়ার চেষ্টা করছে বিরোধী শিবির।

