পাকিস্তানি অভিনেতা ও গায়ক আলী জ়ফরের বলিউডে অভিষেক হয়েছিল ২০১০ সালে ‘তেরে বিন লাদেন’ ছবির মাধ্যমে। ছবির নাম এবং বিষয়বস্তু— দুই নিয়েই বিতর্কের আশঙ্কা ছিল। তার উপর পাকিস্তানি শিল্পী হিসেবে ভারতে কাজ করছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডে নিজের প্রথম ছবির শুটিংয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন আলী। জানিয়েছেন, ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার সময় প্রায় শেষের পথে ছিল ছবির শুটিং। সেই পরিস্থিতিতে তাঁকে দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও কাজ শেষ না করে ফিরতে চাননি তিনি।
সাক্ষাৎকারে আলী জানান, কোনও কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি বরাবর নিজের বিচারবুদ্ধি ও মনের উপর ভরসা করেন। ‘তেরে বিন লাদেন’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। অভিনেতার কথায়, ছবির বিষয়বস্তু যথেষ্ট সাহসী ছিল। তার উপর একজন পাকিস্তানি শিল্পী হিসেবে ভারতে কাজ করার অভিজ্ঞতাও ছিল তাঁর কাছে বিশেষ। প্রথম ছবির নাম ‘তেরে বিন লাদেন’ হওয়ায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছিল।
আলী বলেন, ‘‘শুটিং চলাকালীনই ২৬/১১-র হামলার ঘটনা ঘটে। তখন আমাদের শুটিং শেষ হতে আর মাত্র দু’-তিন দিন বাকি ছিল। সবাই আমাকে দেশে ফিরে যেতে বলেছিল। কিন্তু আমার নিজেরও জেদ ছিল, কাজটা শেষ করেই ফিরব।’’
অভিনেতা জানান, ছবির বাকি অংশের শুটিং হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে সম্পন্ন হয়েছিল। শুটিং শেষ করার পরেই পাকিস্তানে ফিরে যান তিনি। তবে ছবিটি তৈরি হয়ে গেলেও প্রেক্ষাগৃহে মুক্তি পেতে প্রায় দু’বছর সময় লেগেছিল। পরিবেশক খুঁজে পেতেও নির্মাতাদের যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়েছিল। শেষ পর্যন্ত ২০১০ সালে মুক্তি পায় ‘তেরে বিন লাদেন’। মুক্তির পর দর্শকদের কাছ থেকে ভাল সাড়া পেয়েছিল ছবিটি।
প্রথম ছবির সাফল্যের পর বলিউডে একাধিক ছবিতে অভিনয়ের সুযোগ পান আলী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলির মধ্যে রয়েছে ‘মেরে ব্রাদার কি দুলহন’, ‘লন্ডন প্যারিস নিউ ইয়র্ক’, ‘চশমে বদ্দুর’, ‘টোটাল সিয়াপা’ এবং ‘কিল দিল’। এ ছাড়াও শাহরুখ খান ও আলিয়া ভট্ট অভিনীত ‘ডিয়ার জ়িন্দেগি’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। সেটিই ছিল বলিউডে তাঁর শেষ ছবি।
ভারতীয় চলচ্চিত্র জগতে কাটানো পাঁচ-ছ’বছরকে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করেন আলী। সেই সময়ের অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, ‘‘আমি ভাগ্যবান যে বলিউডে নায়কের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি। ছবিতে গানও করেছি। এখানকার মানুষের কাছ থেকে যথেষ্ট সম্মান ও ভালবাসা পেয়েছি।’’
বলিউডে নিজের যাত্রার শুরুটা যে সহজ ছিল না, তা স্পষ্ট আলীর স্মৃতিচারণায়। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রথম ছবির কাজ শেষ করার সিদ্ধান্ত এবং পরবর্তী সময়ে দর্শকদের ভালবাসা পাওয়ার অভিজ্ঞতাকে আজও বিশেষ গুরুত্ব দেন তিনি।

