ছ’টি শহরে মাদকপাচার চক্রের বিরুদ্ধে এনসিবির অভিযান, গ্রেফতার ৬

ছ’টি শহরে মাদকপাচার চক্রের বিরুদ্ধে এনসিবির অভিযান, গ্রেফতার ৬

দেশজুড়ে মাদকপাচার চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ‘মনসুর থান্ডার’ নামে এই বিশেষ অভিযানে কলকাতা-সহ দেশের ছ’টি শহর থেকে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই অভিযান চলে ১৩ নভেম্বর পর্যন্ত। হায়দরাবাদ, কলকাতা, দিল্লি ও লখনউ-সহ মোট ছ’টি শহরে তল্লাশি চালান এনসিবির আধিকারিকেরা।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, মাদক পাচারের বরাত নেওয়া, পার্সেল পাঠানোর স্থান নির্ধারণ এবং পাচার সংক্রান্ত তথ্য আদানপ্রদানের জন্য এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করত এই চক্রের সদস্যেরা। ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে আমেরিকা থেকে প্রায় ৩,০০০টি পার্সেল লেনদেন হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

এই পার্সেল লেনদেনের সূত্র ধরেই তদন্তে নামে আমেরিকার মাদক নিয়ন্ত্রক সংস্থা। পরে তারা ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সঙ্গে যোগাযোগ করে। দুই দেশের মাদক নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য আদানপ্রদান শুরু হয়। মাদক কোথা থেকে পাঠানো হয়েছিল এবং কাদের কাছে পৌঁছেছিল, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করে এনসিবি। সংগৃহীত তথ্য আমেরিকার মাদক নিয়ন্ত্রক সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-কেও জানানো হয় বলে তদন্তকারী সূত্রে খবর।

এর পরেই মাদকপাচার চক্রের সদস্যদের চিহ্নিত করতে দেশের ছ’টি শহরে একযোগে অভিযান চালায় এনসিবি। সেই অভিযানে গ্রেফতার হন ছ’জন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের আরও সদস্যদের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পাশাপাশি, মাদক পাচারের বরাত কারা দিত, এখনও পর্যন্ত কতগুলি মাদকের পার্সেল ভারতে এসেছে এবং সেগুলি কোন পথে দেশে ঢুকেছে, তা জানার চেষ্টা চলছে। আন্তর্জাতিক মাদকপাচার চক্রের সঙ্গে ধৃতদের যোগাযোগ কতটা বিস্তৃত, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.