মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ, মঞ্চেই ছুড়ে ফেললেন মাইক্রোফোন! উত্তরাখণ্ডে ক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক

মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ, মঞ্চেই ছুড়ে ফেললেন মাইক্রোফোন! উত্তরাখণ্ডে ক্ষুব্ধ কংগ্রেস বিধায়ক

বক্তৃতা করার সুযোগ না পেয়ে মঞ্চেই মাইক্রোফোন ছুড়ে ফেললেন কংগ্রেস বিধায়ক। শুধু তা-ই নয়, মঞ্চের নীচে থাকা শব্দযন্ত্রের কর্মীদের সঙ্গে তর্কাতর্কিতেও জড়িয়ে পড়লেন তিনি। শেষ পর্যন্ত ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান উত্তরাখণ্ডের ধারচুলার কংগ্রেস বিধায়ক হরিশ সিংহ ধামি। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার পর তিনি বক্তৃতা শুরু করতে গেলে ইচ্ছাকৃত ভাবে মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়।

ঘটনাটি উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার। সেখানে একটি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা পুষ্কর সিংহ ধামি এবং স্থানীয় কংগ্রেস বিধায়ক হরিশ। মুখ্যমন্ত্রী মেলার উদ্বোধন করে মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, মঞ্চে থাকা কয়েক জনের উপর ক্ষোভ প্রকাশ করছেন কংগ্রেস বিধায়ক। একসময় মাইক্রোফোন ছুড়ে ফেলতেও দেখা যায় তাঁকে। শব্দযন্ত্রের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়েও জড়িয়ে পড়েন তিনি। ঘটনার আর একটি ভিডিয়োয় হট্টগোলের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির দৃশ্যও দেখা গিয়েছে।

ঘটনার পর নিজের আচরণ নিয়ে বিবৃতি দিয়েছেন হরিশ। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রী মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পর তিনি যখন বক্তৃতা করতে ওঠেন, তখনই তাঁর মাইক্রোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর পিছনে সরকার ও মুখ্যমন্ত্রীর চাপ রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

কংগ্রেস বিধায়কের কথায়, ‘‘মুখ্যমন্ত্রী বক্তৃতা করে চলে যাওয়ার পর আমি মাইক্রোফোন নিয়ে কথা বলতে শুরু করলাম। সরকার ও মুখ্যমন্ত্রীর চাপে সাউন্ড সিস্টেম বন্ধ করে দেওয়া হয়। এটা কি ঠিক? ধারচুলার বিধায়ক হিসেবে আমার কি কথা বলার অধিকার ছিল না?’’

তবে নিজের আচরণের জন্য এলাকার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন হরিশ। একই সঙ্গে মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামিকে সরাসরি চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি। কংগ্রেস বিধায়কের হুঁশিয়ারি, ‘‘আমি ভয় পেয়ে মাথা নত করতে শিখিনি। আমি প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানাচ্ছি। যদি সাহস থাকে, তা হলে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে ধারচুলা থেকে লড়ুন।’’

অন্য দিকে, এই ঘটনায় কংগ্রেস বিধায়ককে পাল্টা আক্রমণ করেছে বিজেপি। উত্তরাখণ্ডের মন্ত্রী রঘুবীর সিংহ তাঁর আচরণের সমালোচনা করে বলেন, ‘‘একটি জনসভায় কংগ্রেস বিধায়ক যে আচরণ করেছেন, তা কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়।’’ তাঁর অভিযোগ, গত পাঁচ বছরে নিজের বিধানসভা এলাকায় কোনও উন্নয়নমূলক কাজ করেননি হরিশ। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই তিনি এ ধরনের আচরণ করছেন বলেও দাবি করেছেন বিজেপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.