মৃত্যুদণ্ড স্থগিত রাখার প্রস্তাবে রাষ্ট্রপুঞ্জে ভারতের ‘না’, বিপক্ষে ভোট চিন-আমেরিকা-সহ ৩৩টি দেশের

মৃত্যুদণ্ড স্থগিত রাখার প্রস্তাবে রাষ্ট্রপুঞ্জে ভারতের ‘না’, বিপক্ষে ভোট চিন-আমেরিকা-সহ ৩৩টি দেশের

মৃত্যুদণ্ড স্থগিত রাখার প্রস্তাবের বিপক্ষে ভোট দিল ভারত। ১৩ নভেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ১৯৩টি সদস্য দেশের উপস্থিতিতে মেক্সিকোর আনা এই প্রস্তাব নিয়ে আলোচনা ও ভোটাভুটি হয়। সূত্রের খবর, প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট পড়েছে ৩৩টি। ভোটদানে বিরত ছিল ১৬টি দেশ। বাকি ১১টি দেশ অধিবেশনে অনুপস্থিত ছিল।

ভারতের পাশাপাশি চিন, পাকিস্তান, আমেরিকা, জাপান, ইরান, ইরাক, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরিন, মালদ্বীপ, ওমান এবং মিশরও প্রস্তাবের বিরোধিতা করেছে। মেক্সিকোর আনা প্রস্তাবে ২০২৫ সালে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রতিটি দেশের নিজস্ব আইনি ব্যবস্থা এবং শাস্তি নির্ধারণের অধিকারকে স্বীকৃতি দিয়েও মৃত্যুদণ্ড সম্পূর্ণ বিলোপের লক্ষ্যে আপাতত এই দণ্ড কার্যকর করা স্থগিত রাখার আবেদন জানানো হয়েছে।

প্রস্তাবে ইতিমধ্যেই যে সব দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের সেই সিদ্ধান্ত বজায় রাখারও আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, ১৮ বছরের কমবয়সি অপরাধী, অন্তঃসত্ত্বা নারী, বয়স্ক ব্যক্তি এবং মানসিক বা বৌদ্ধিক প্রতিবন্ধী ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার কথা বলা হয়েছে। বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান তুলে দেওয়ার আবেদনও জানানো হয়েছে ওই প্রস্তাবে।

কেন এই প্রস্তাবের বিরোধিতা করল ভারত? রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন জানিয়েছেন, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে বিশ্বজুড়ে কোনও সর্বসম্মত মতামত নেই। আন্তর্জাতিক আইনেও নির্দিষ্ট কিছু বিধিনিষেধ মেনে মৃত্যুদণ্ড দেওয়ার অনুমতি রয়েছে। তাঁর বক্তব্য, প্রতিটি সার্বভৌম রাষ্ট্রের নিজস্ব আইন প্রণয়ন এবং অপরাধের জন্য শাস্তি নির্ধারণের অধিকার রয়েছে।

ভারতের অবস্থান ব্যাখ্যা করে ভাবিকা আরও জানিয়েছেন, দেশে কেবল ‘বিরল থেকে বিরলতম’ অপরাধের ক্ষেত্রেই মৃত্যুদণ্ড দেওয়া হয়। সেই ক্ষেত্রেও কঠোর আইনি প্রক্রিয়া এবং একাধিক সুরক্ষাকবচ মেনে চলা বাধ্যতামূলক। অভিযুক্তকে প্রথমে নির্দোষ বলে ধরে নেওয়া, উচ্চ আদালতের বাধ্যতামূলক অনুমোদন এবং অপরাধের পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনার মতো আইনি ব্যবস্থা রয়েছে। তাই যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত মৃত্যুদণ্ডকে ‘রাষ্ট্র-প্রদত্ত মৃত্যু’ বলে অভিহিত করা অন্যায় বলেই মনে করে ভারত।

উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় মৃত্যুদণ্ড স্থগিত রাখার প্রস্তাবের বিরোধিতা এই প্রথম নয় ভারতের। এর আগে ২০১৬, ২০১৮ এবং ২০২৪ সালের অধিবেশনেও একই ধরনের প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল নয়াদিল্লি। এবারও সেই অবস্থানেই অনড় থাকল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.