সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হার দিয়ে শুরু, অর্ধশতরান শাহবাজ়-সুদীপের, ব্যর্থ শামি

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হার দিয়ে শুরু, অর্ধশতরান শাহবাজ়-সুদীপের, ব্যর্থ শামি

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিযান শুরু হল হতাশা দিয়ে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই কর্নাটকের কাছে হারতে হল বাংলাকে। শাহবাজ় আহমেদ ও সুদীপ ঘরামির অর্ধশতরান এবং সদ্য পিতৃহারা সায়ন ঘোষের দুরন্ত বোলিংও দলকে জেতাতে পারল না। অন্য দিকে, বল হাতে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ মহম্মদ শামি। প্রথমে ব্যাট করে কর্ণাটক ১৮৪ রানে অলআউট হয়ে যায়। জবাবে নির্ধারিত ওভারের আগেই ১৬৫/৯ রানে থেমে যায় বাংলার ইনিংস।

টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। কিন্তু শুরু থেকেই বাংলার বোলারদের উপর চড়াও হন কর্নাটকের ওপেনারেরা। প্রথম উইকেটে ৪৭ রান যোগ করেন তাঁরা। লাভনিথ সিসোদিয়া ২৭ রান করে আউট হওয়ার পর দলের হাল ধরেন মণীশ পাণ্ডে ও করুণ নায়ার। মণীশ ২৯ রান করে ফিরলেও এক প্রান্ত আগলে রাখেন করুণ। সাতটি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৫৩ রানের ইনিংস খেলেন তিনি।

এর পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কর্নাটক। তবে শেষ দিকে দ্রুত রান তুলে দলের স্কোরকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেন প্রবীণ দুবে। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে মাত্র ১৫ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন তিনি। বাংলার হয়ে বল হাতে সবচেয়ে সফল সায়ন ঘোষ। ২৮ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। মুকেশ কুমার ও প্রদীপ্ত প্রামাণিক দু’টি করে উইকেট পান। শামির ঝুলিতে আসে একটি উইকেট।

১৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলা। ইনিংসের প্রথম তিন বলের মধ্যেই কোনও রান না করে ফিরে যান অভিষেক পোড়েল ও অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। এর পর করণ লাল ৯ রান করে আউট হন। ঋষভ চৌধুরীও কোনও রান করতে পারেননি। ফলে মাত্র ২৪ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলা।

সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন সুদীপ ঘরামি ও শাহবাজ় আহমেদ। পঞ্চম উইকেটে দু’জনে মিলে ৯৬ রান যোগ করে জয়ের আশা জাগান। ছ’টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪২ বলে ৬৫ রান করেন সুদীপ। অন্য দিকে, শাহবাজ়ের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫৬ রান। তাঁর ইনিংসে ছিল দু’টি চার ও চারটি ছয়।

কিন্তু সুদীপের আউটের পর ফের ছন্দ হারায় বাংলার ব্যাটিং। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় জয়ের সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসে। শেষ পর্যন্ত নির্ধারিত লক্ষ্য থেকে ২০ রান দূরে থেমে যায় বাংলার ইনিংস।

কর্নাটকের বোলারদের মধ্যে সবচেয়ে সফল অভিলাষ শেট্টি। ২৬ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। বিজয়কুমার বিশাক তিনটি এবং মানবন্ত কুমার দু’টি উইকেট তুলে নিয়ে বাংলার ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। ফলে ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কাড়লেও সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে জয় অধরাই থেকে গেল বাংলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.