সরকারি আবাস যোজনায় অনিয়ম ও আর্থিক দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়মবহির্ভূত ভাবে আবাস যোজনার টাকা পেয়েছেন, এমন অযোগ্য উপভোক্তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে বরাদ্দ অর্থ ফেরত দেওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সমীক্ষায় চিহ্নিত ৫৭ হাজার অস্তিত্বহীন উপভোক্তার নামেও কী ভাবে সরকারি অর্থ বরাদ্দ হল, তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। এই অনিয়মে কোনও সরকারি আধিকারিকের যোগসাজশ বা গাফিলতি প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার নবান্ন সভাঘরে ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ প্রদান অনুষ্ঠানে এই বার্তা দেন শুভেন্দু। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ১৮০ জন এবং ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হওয়া রাজ্যের ৭ লক্ষ ১৭১ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরটিজিএসের মাধ্যমে মোট ৪ হাজার ২০১.০২৬ কোটি টাকা পাঠানো হয়। প্রকৃত উপভোক্তাদের হাতে দ্বিতীয় কিস্তির অর্থ তুলে দেওয়ার পাশাপাশি আবাস প্রকল্পে দুর্নীতির বিষয়েও কড়া অবস্থানের কথা জানান মুখ্যমন্ত্রী।
প্রশাসন সূত্রে খবর, সাম্প্রতিক যাচাই প্রক্রিয়ায় প্রায় ১২ হাজার উপভোক্তাকে সরকারি নিয়ম অনুযায়ী আবাস যোজনার সুবিধা পাওয়ার অনুপযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে। অথচ তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ইতিমধ্যেই জমা পড়েছে। মুখ্যমন্ত্রী জানান, ওই অযোগ্য উপভোক্তাদের মধ্যে ১ হাজার জন ইতিমধ্যেই টাকা ফেরত দিয়েছেন। বাকি ১১ হাজার জনকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অর্থ ফেরতের নির্দেশ দিয়ে তিনি বলেন, তাঁরা যেন দ্রুত টাকা ফিরিয়ে দিয়ে সম্ভাব্য আইনি জটিলতা এড়িয়ে যান। যোগ্যতা না থাকা সত্ত্বেও সরকারি অর্থ নিজেদের কাছে রাখার কোনও সুযোগ দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
অন্য দিকে, সমীক্ষায় আরও ৫৭ হাজার এমন উপভোক্তার সন্ধান মিলেছে, যাঁদের বাস্তবে কোনও অস্তিত্ব নেই। মৃত কিংবা অন্যত্র স্থানান্তরিত ব্যক্তিদের নামে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এই ঘটনায় কারা ওই নামগুলি সুপারিশ করেছিলেন এবং কী ভাবে তাঁদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পৌঁছল, তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে সিট গঠন করে সিআইডির মাধ্যমে তদন্ত করা হবে। সরকারি আধিকারিকদের কারও গাফিলতি বা যোগসাজশ সামনে এলে তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
মুখ্যসচিব মনোজ অগ্রবালও জানিয়েছেন, নির্ধারিত যোগ্যতার বাইরে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার শামিল। এ ধরনের অনিয়ম কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। সরকারি তহবিলের অপচয় এবং প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি বন্ধ করতে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা রাজ্য দুর্নীতি দমন শাখা (এসিবি)-কেও ফের সক্রিয় করা হয়েছে।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। মুখ্যমন্ত্রী নির্বাচিত উপভোক্তাদের হাতে চেক তুলে দেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত জেলা ও ব্লকেও অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও জনপ্রতিনিধিরা সেই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থেকে ভার্চুয়াল মাধ্যমে নবান্নের মূল অনুষ্ঠানে যোগ দেন।
রাজ্য সরকারের হিসাব অনুযায়ী, চলতি পর্যায়ে ‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পের আওতায় গ্রামীণ বাড়ি নির্মাণের জন্য প্রায় ১৭.২১ লক্ষ যোগ্য উপভোক্তাকে দ্বিতীয় কিস্তিতে মোট ১০ হাজার ৩২৩ কোটি টাকা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, সরকার পরিবর্তন হলে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে না বলে যে প্রচার চালানো হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। দল, বর্ণ ও ধর্মের ভেদাভেদ না করেই প্রকৃত উপভোক্তাদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, পূর্ববর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘পশ্চিমবঙ্গ আবাস’ রাখা হয়। গত ৬ অগস্ট প্রথম পর্যায়ে ১০ লক্ষ ২০ হাজার ৩৭৯ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৬ হাজার ১২২ কোটি টাকা পাঠানো হয়েছিল।
দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থানের পাশাপাশি প্রকৃত উপভোক্তাদের জন্য অতিরিক্ত আর্থিক সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ জানান, আবাস প্রকল্পের উপভোক্তারা ‘বিকশিত ভারত জি রামজি’ প্রকল্পের অধীনে ৯০ থেকে ৯৫ দিনের কাজের মজুরি বাবদ অতিরিক্ত ২৭ হাজার টাকা পাবেন। এ ছাড়া স্বচ্ছ ভারত মিশনের আওতায় শৌচালয় নির্মাণের জন্য দেওয়া হবে ১২ হাজার টাকা। ফলে বাড়ি নির্মাণের জন্য সব মিলিয়ে প্রায় দেড় লক্ষ টাকা আর্থিক সহায়তা মিলবে।
নির্মাণসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখতেও পদক্ষেপের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইট ও বালির দাম যাতে অস্বাভাবিক ভাবে না বাড়ে, সে জন্য জেলাশাসকদের নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। উপভোক্তারা যাতে প্রতি এক হাজার থেকে ১২০০ টাকার মধ্যে বালি কিনতে পারেন, তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
এ ছাড়া আবাস যোজনার উপভোক্তাদের ‘প্রধানমন্ত্রী সূর্য ঘর’ প্রকল্পের আওতায় এনে বিনামূল্যে সৌরবিদ্যুতের সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই প্রকল্পে ১০০ কিলোওয়াটের জন্য ৩০ হাজার, ২০০ কিলোওয়াটের জন্য ৬০ হাজার এবং ৩০০ কিলোওয়াটের জন্য ৭৮ হাজার টাকা কেন্দ্রীয় ভর্তুকির কথা উল্লেখ করা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতিভুক্ত উপভোক্তাদের অতিরিক্ত ১৫ হাজার টাকা দেবে রাজ্য সরকার।
অন্য দিকে, ‘বিকশিত ভারত জি রামজি’ প্রকল্পের সুপারভাইজ়ারদের দীর্ঘদিনের বেতনবৃদ্ধির দাবিও মেনে নেওয়া হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে বর্ধিত বেতন কার্যকর করার জন্য অর্থসচিবকে শুক্রবারই প্রয়োজনীয় নির্দেশিকা জারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েত স্তরে প্রশাসনিক অসহযোগিতা রুখতে আইন সংশোধন করে সচিবদের গ্রাম সংসদ ডাকার অধিকার দেওয়া হয়েছে। পাশাপাশি, দ্রুত ৮ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে বলেও জানিয়েছেন তিনি।

