আইপিএলের দলবদলের বাজারে ফের বড় খবর। ট্রেডিংয়ের মাধ্যমে হার্দিক পাণ্ড্য ও অর্শদীপ সিংহের দলবদলের পর এ বার সানরাইজার্স হায়দরাবাদ ছেড়ে গুজরাত টাইটান্সে যোগ দিতে চলেছেন পেসার হর্ষল পটেল। শুভমন গিলের দল চার কোটি টাকার বিনিময়ে এই অভিজ্ঞ পেসারকে দলে নিতে চলেছে। আগের দলের তুলনায় অর্ধেক বেতনেই নতুন দলে খেলতে দেখা যাবে তাঁকে।
ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ‘ইএসপিএনক্রিকইনফো’-র প্রতিবেদন অনুযায়ী, এই দলবদলে কোনও ক্রিকেটার বিনিময় হচ্ছে না। অর্থাৎ হর্ষল হায়দরাবাদ থেকে গুজরাতে গেলেও গুজরাতের কোনও ক্রিকেটারকে হায়দরাবাদে পাঠানো হচ্ছে না। নগদ অর্থের বিনিময়েই এই চুক্তি সম্পন্ন হচ্ছে। নতুন দলে হর্ষলের বেতন হবে চার কোটি টাকা।
২০১২ সালে আইপিএলে অভিষেক হয়েছিল হর্ষলের। গুজরাত টাইটান্স হবে তাঁর আইপিএল কেরিয়ারের পঞ্চম দল। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন তিনি।
২০২৫ সালের নিলামে আট কোটি টাকায় হর্ষলকে দলে নিয়েছিল হায়দরাবাদ। প্রথম মরসুমে দলের হয়ে ১৩টি ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু গত মরসুমে সাকিব হুসেন এবং প্রফুল হিঙ্গের উপস্থিতিতে প্রথম একাদশে নিয়মিত সুযোগ পাননি এই পেসার। পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পেলেও কোনও উইকেট পাননি তিনি। ফলে নতুন মরসুমের আগে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ।
আইপিএলে হর্ষলের সবচেয়ে সফল মরসুম ছিল ২০২১ সাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩২টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছিলেন তিনি। এর আগে পঞ্জাব কিংসের হয়েও ২৪টি উইকেট নিয়ে পার্পল ক্যাপ জয়ের কৃতিত্ব রয়েছে তাঁর।
৩৬ বছর বয়সি হর্ষলের নতুন দলে যোগ দেওয়ার ক্ষেত্রে আরও একটি বিশেষ দিক রয়েছে। আহমেদাবাদের বাসিন্দা হওয়ায় এ বার প্রথমবারের জন্য আইপিএলে নিজের শহরের দলের হয়ে খেলার সুযোগ পাবেন তিনি। কয়েক বছর আগে থেকেই ঘরোয়া ক্রিকেটে গুজরাতের হয়ে খেলছেন এই পেসার।
গুজরাত টাইটান্সে যোগ দিয়ে কাগিসো রাবাডা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং জেসন হোল্ডারের মতো তারকাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন হর্ষল। নতুন দলে তাঁর অভিজ্ঞতা ও বোলিং দক্ষতা কতটা কাজে লাগে, এখন সেটাই দেখার।

