বিশ্বজুড়ে মাইক্রোসফ্‌টের পরিষেবায় বড়সড় বিভ্রাট, অচল আউটলুক-টিমস, ব্যাহত বিমান পরিষেবাও

বিশ্বজুড়ে মাইক্রোসফ্‌টের পরিষেবায় বড়সড় বিভ্রাট, অচল আউটলুক-টিমস, ব্যাহত বিমান পরিষেবাও

বিশ্বজুড়ে প্রযুক্তিগত বিভ্রাটের জেরে বিপর্যস্ত মার্কিন প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্‌ট। আউটলুক, মাইক্রোসফ্‌ট ৩৬৫, টিমস-সহ সংস্থার একাধিক গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন অচল হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন কয়েক লক্ষ গ্রাহক। এর প্রভাব পড়েছে সরকারি ও বেসরকারি দফতর, ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিমান পরিষেবায়ও। বিভ্রাটের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক করতে পারেনি সংস্থাটি।

গত ১২ নভেম্বর, বৃহস্পতিবার, হঠাৎই মাইক্রোসফ্‌টের বিভিন্ন পরিষেবায় সমস্যা দেখা দেয়। ভারতীয় সময় রাত সাড়ে ১১টার পর থেকে বিশেষ করে আউটলুক ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন গ্রাহকেরা। অনেকেই ইনবক্স খুলতে পারেননি, কেউ আবার ইমেল পাঠাতে গিয়ে সমস্যার মুখে পড়েন। কর্মক্ষেত্রে যোগাযোগের অন্যতম মাধ্যম মাইক্রোসফ্‌ট টিমসও ঠিকমতো কাজ করেনি। বিভ্রাট শনাক্তকারী ওয়েবসাইট ‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, এই সমস্যা নিয়ে প্রায় ১ লক্ষ ৩০ হাজার অভিযোগ জমা পড়ে।

প্রশাসনিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বহুল ব্যবহৃত মাইক্রোসফ্‌ট ৩৬৫ অচল হয়ে পড়ায় নথি আদানপ্রদান এবং দফতরের দৈনন্দিন কাজকর্মেও বিঘ্ন ঘটে। বিশ্বজুড়ে পরিষেবা বিভ্রাটের কথা স্বীকার করে দ্রুত সমস্যা চিহ্নিত করার কাজ শুরু করে মাইক্রোসফ্‌ট। প্রাথমিক তদন্তে সংস্থার দাবি, কনফিগারেশনে কিছু পরিবর্তনের ফলে একাধিক সার্ভারে অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল। তার জেরে কয়েকটি সার্ভার অকেজো হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গ্রাহকদের অন্য সার্ভারে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলেও তাতে অবশিষ্ট পরিকাঠামোর উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। ফলে সমস্যা আরও জটিল হয়ে ওঠে।

মাইক্রোসফ্‌ট জানিয়েছে, এই বিভ্রাটের পিছনে কোনও সাইবার হানার প্রমাণ মেলেনি। বরং সংস্থার অভ্যন্তরীণ প্রযুক্তিগত ত্রুটিকেই এর জন্য দায়ী করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ পরিষেবার জন্য যখন বিশ্বজুড়ে বিপুল সংখ্যক প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট প্রযুক্তি সরবরাহকারীর উপর নির্ভরশীল থাকে, তখন সেই পরিকাঠামোয় সামান্য ত্রুটিও ব্যাপক প্রভাব ফেলতে পারে।

বিভ্রাট সামাল দেওয়ার প্রক্রিয়াও প্রত্যাশার তুলনায় কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে সংস্থাটি। মাইক্রোসফ্‌টের দাবি, কিছু সার্ভার পুনরায় চালু করার পর সেখানে গ্রাহকদের ট্রাফিক ফিরে আসতেই সেগুলি আবার অচল হয়ে পড়ে। এর ফলে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়। সমস্যা সমাধানে ক্ষতিগ্রস্ত সার্ভারগুলিতে ট্রাফিকের পরিমাণ নিয়ন্ত্রণ, সফ্‌টওয়্যারের আগের কনফিগারেশনে ফিরে যাওয়া এবং পরিকাঠামোর ক্ষমতা বাড়ানোর কাজ শুরু করেন সংস্থার প্রযুক্তিবিদেরা।

এই বিভ্রাটে প্রভাবিত হয়েছে আউটলুক, মাইক্রোসফ্‌ট টিমস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ওয়ানড্রাইভ, শেয়ারপয়েন্ট এবং মাইক্রোসফ্‌ট কোপাইলটের মতো একাধিক পরিষেবা। শুধু মাইক্রোসফ্‌টের নিজস্ব পরিষেবাই নয়, এর প্রভাব পড়েছে অন্য প্রযুক্তি সংস্থার কাজেও। কৃত্রিম মেধা বা এআই সংস্থা ওপেনএআই এবং অ্যানথ্রপিকও মাইক্রোসফ্‌ট ৩৬৫ কানেক্টর ব্যবহারের ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছে।

ভারতেও এই প্রযুক্তিগত বিভ্রাটের প্রভাব পড়েছে বিমান পরিষেবায়। শুক্রবার, ১৩ নভেম্বর সকালে দিল্লি থেকে স্পাইসজেটের তিনটি উড়ান বাতিল করা হয়। বিমানগুলির পুণে, লেহ এবং মুম্বই যাওয়ার কথা ছিল। এ ছাড়া দ্বারভাঙা ও মুম্বইগামী স্পাইসজেটের আরও দু’টি উড়ানের যাত্রা বিলম্বিত হয়। তবে এই বিভ্রাটের কারণে এয়ার ইন্ডিয়ার পরিষেবায় কোনও প্রভাব পড়েনি বলে জানা গিয়েছে।

‘ডাউনডিটেক্টর’-এর তথ্য অনুযায়ী, ভারত-সহ বিশ্বের মোট ৭৪টি দেশে ছড়িয়ে পড়েছিল এই বিভ্রাট। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে মাইক্রোসফ্‌ট। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কিছু এলাকায় পরিষেবা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। উত্তর আমেরিকাতেও পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। ইউরোপে পরিষেবা স্থিতিশীল রয়েছে বলে দাবি সংস্থার।

সর্বশেষ বিবৃতিতে মাইক্রোসফ্‌ট জানিয়েছে, পরিষেবায় গ্রাহকদের প্রবেশ ও ব্যবহারের হার ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বিশেষ করে মেলবক্সে প্রবেশ এবং ইমেল প্রক্রিয়াকরণে বিলম্বের ক্ষেত্রে উন্নতির লক্ষণ দেখা গিয়েছে। তবে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছু গ্রাহক মাঝেমধ্যে সমস্যার সম্মুখীন হতে পারেন বলেও সতর্ক করেছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.