রাখিবন্ধনের দিন পিসতুতো দাদার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, নদিয়ায় গ্রেফতার অভিযুক্ত

রাখিবন্ধনের দিন পিসতুতো দাদার বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, নদিয়ায় গ্রেফতার অভিযুক্ত

রাখিবন্ধন উৎসবের দিন পিসতুতো দাদার বাড়িতে গিয়ে এক দ্বাদশবর্ষীয়া নাবালিকা নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ। তুতো বোনকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের অভিযোগে দাদাটিকে গ্রেফতার করেছে নদিয়ার শান্তিপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার দুপুরে শান্তিপুরের বাসিন্দা ওই নাবালিকা তার পিসতুতো দাদার বাড়িতে যায়। অভিযোগ, সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ওই কিশোরীর ওপর নির্যাতন চালান অভিযুক্ত দাদা। ঘটনার পর মেয়েটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

তবে অভিযোগ রয়েছে, শুরুতেই পরিবারের একটি পক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। চিকিৎসকদের কাছে প্রথমে জানানো হয়েছিল যে পাঁচিল থেকে পড়ে গিয়ে চোট পেয়েছে ওই নাবালিকা। সেই তথ্যের ভিত্তিতে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়।

কিন্তু শুক্রবার সন্ধ্যায় বাড়িতে ফেরার পর মেয়েটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সে আরও অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি গুরুতর বুঝে পরিবারের লোকেরা তাকে পুনরায় হাসপাতালে নিয়ে যান। এ বার পরীক্ষার সময় নাবালিকার শরীরে আঘাতের চিহ্ন এবং যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ দেখতে পেয়ে চিকিৎসকের সন্দেহ হয়। এরপর তিনি চিকিৎসাধীন নাবালিকার সঙ্গে কথা বলে ঘটনার আসল সত্যতা জানতে পারেন। হাসপাতাল থেকেই তৎক্ষণাৎ বিষয়টি শান্তিপুর থানাকে জানানো হয় এবং পরিবারের পক্ষ থেকেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং পকসো (POCSO) আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতকে আদালতে তোলা হলে পুলিশ তদন্তের স্বার্থে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়, যা বিচারক মঞ্জুর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.