দশমীর সন্ধ্যায় নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের রেস্তরাঁয় আগুন, আতঙ্ক, যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশ

দশমীর সন্ধ্যায় নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের রেস্তরাঁয় আগুন, আতঙ্ক, যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশ

দশমীর সন্ধ্যায় নিউ টাউনের বিশ্ব বাংলা গেটের উপরে অবস্থিত রেস্তরাঁয় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়াল। বুধবার সন্ধ্যা ৬টার কিছু পরে রেস্তরাঁর একটি অংশ থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায়। সেগুলি নীচের রাস্তায় ছিটকে পড়তে থাকায় আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও গাড়িচালকেরা। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ওই অংশে যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, রেস্তরাঁর নীচের অংশের কোথাও আগুন লেগেছিল বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। রাস্তা থেকে আগুনের ফুলকি দেখতে পান পথচারীরা। সেগুলি নীচে ছিটকে পড়তে থাকায় ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী গাড়ির চালক ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ দ্রুত সংশ্লিষ্ট অংশ ঘিরে ফেলে। পাশের রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় যানবাহন।

আগুন লাগার জেরে বিশ্ব বাংলা গেট সংলগ্ন এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় রেস্তরাঁয় বেশ কয়েক জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কয়েক জন খাওয়াদাওয়াও করছিলেন। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই রেস্তরাঁয় থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। তাঁদের দ্রুত নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। খবর দেওয়া হয় দমকলকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.