সিঙ্গুরে শিল্প গড়তে অশোক লেল্যান্ডের সঙ্গে কথাবার্তা, ১২ ডিসেম্বর হরিণঘাটায় অম্বানীদের কারখানার ভূমিপূজন

সিঙ্গুরে শিল্প গড়তে অশোক লেল্যান্ডের সঙ্গে কথাবার্তা, ১২ ডিসেম্বর হরিণঘাটায় অম্বানীদের কারখানার ভূমিপূজন

রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় উদ্যোগের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিঙ্গুরে ফের শিল্পস্থাপনের সম্ভাবনা আরও জোরালো হল তাঁর সাম্প্রতিক ঘোষণায়। মঙ্গলবার এক টেলিভিশন সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়তে অশোক লেল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কথা হয়েছে। শিল্পের জন্য প্রয়োজনীয় জমি দিতেও রাজ্য সরকার প্রস্তুত। পাশাপাশি নদিয়ার হরিণঘাটায় অম্বানী গোষ্ঠীর প্রস্তাবিত ক্যাম্পা কোলার কারখানার ভূমিপূজনের দিনও ঘোষণা করেছেন তিনি। আগামী ১২ ডিসেম্বর ওই অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সিঙ্গুরে অশোক লেল্যান্ডের বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ সকালে আমাদের অশোক লেল্যান্ডের (হিন্দুজা গোষ্ঠী) ফোন এল। তাঁর ছেলের বিয়ে। প্রথমেই বললেন, আমার জমি রেডি আছে তো? আমি বললাম, হ্যাঁ, রেডি আছে।’’ মুখ্যমন্ত্রীর বক্তব্য, উপযুক্ত মূল্যে জমি কিনে নিয়ে তা শিল্পস্থাপনের জন্য সংশ্লিষ্ট সংস্থার হাতে তুলে দিতে প্রস্তুত রাজ্য সরকার।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর সিঙ্গুরে অশোক লেল্যান্ডের বিনিয়োগের সম্ভাবনার কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষা ও উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। খড়্গপুর আইআইটিতে একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সিঙ্গুরে ট্রাক তৈরির কারখানা গড়ার বিষয়ে সংস্থার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর বক্তব্যে সেই সম্ভাবনা আরও স্পষ্ট হল।

মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ হিন্দুজা গোষ্ঠীর ভারতীয় কর্মকাণ্ডের প্রধান অশোক হিন্দুজা তাঁকে ফোন করেছিলেন। পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পাশাপাশি কথোপকথনে উঠে আসে সিঙ্গুরে বিনিয়োগের প্রসঙ্গও। প্রয়োজনীয় জমি পেতে কোনও সমস্যা হবে না বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, অশোক হিন্দুজার আমন্ত্রণে আগামী ৭ ডিসেম্বর মুম্বই যাবেন শুভেন্দু।

অন্য দিকে, হরিণঘাটায় রিলায়্যান্স গোষ্ঠীর প্রস্তাবিত শিল্পপ্রকল্পের কাজ শুরু নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী ১২ ডিসেম্বর ক্যাম্পা কোলার কারখানার ভূমিপূজন হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুকেশ অম্বানীর পুত্র অনন্ত অম্বানীর। রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের অধীনস্থ সংস্থা রিলায়্যান্স কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (আরসিপিএল) এই প্রকল্প বাস্তবায়ন করবে। হরিণঘাটা শিল্পতালুকে ৬০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে কারখানার পাশাপাশি একটি ফুড পার্কও গড়ে তোলা হবে।

সিঙ্গুরে অশোক লেল্যান্ডের সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ নিয়ে অবশ্য এখনও সরকারি ভাবে কোনও ঘোষণা হয়নি। তবে নবান্ন সূত্রের খবর, ট্রাক তৈরির কারখানা গড়তে অন্তত ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে সংস্থাটি। এক সময়ে ছোট গাড়ির কারখানা তৈরির প্রকল্প হাতছাড়া হওয়ার পর সিঙ্গুরে দীর্ঘদিন ধরে প্রায় এক হাজার একর জমি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। সেই সিঙ্গুরেই ফের ভারী যানবাহন তৈরির কারখানা গড়ার সম্ভাবনা তৈরি হওয়ায় রাজ্যের শাসক শিবিরে স্বস্তির আবহ। অন্য দিকে, এই উদ্যোগকে রাজ্যের বর্তমান শিল্পনীতির সাফল্য হিসেবে দেখছে বিজেপি।

মুখ্যমন্ত্রীর পর পর দুই শিল্পপ্রকল্পের ঘোষণা ঘিরে কর্মসংস্থানের সম্ভাবনা নিয়েও আশাবাদী বিজেপির যুব সংগঠন। যুব মোর্চার সর্বভারতীয় সহ-সভাপতি তথা ভাতারের বিধায়ক সৌমেন কার্ফা বলেন, যুব সমাজের পাশে দাঁড়াতে সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ, এই উদ্যোগ তারই প্রমাণ। তাঁর দাবি, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ‘ভরসা’ প্রকল্পে মাসিক ভাতা এবং বিভিন্ন পরীক্ষার ফি মকুবের পাশাপাশি এ বার রাজ্যে বড় বিনিয়োগের পথও খুলছে। এর ফলে তরুণ-তরুণীদের শুধু আর্থিক সহায়তার উপর নির্ভর করতে হবে না, কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।

সিঙ্গুরের প্রকল্প নিয়ে বিশেষ ভাবে আশাবাদী সৌমেন। তাঁর কথায়, প্রস্তাবিত কারখানাটি তাঁর বিধানসভা এলাকার লাগোয়া জেলায় তৈরি হবে। ফলে এলাকার বহু যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। সব মিলিয়ে সিঙ্গুর ও হরিণঘাটার দুই শিল্পপ্রকল্প ঘিরে রাজ্যে নতুন করে শিল্পায়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.