ভোটের মুখে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র। বিজেপির নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর এবং পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের সংঘর্ষে রবিবার দিনভর উত্তেজনা ছড়াল পর্ণশ্রী থানা এলাকায়। ঘটনার প্রতিবাদে থানার ভেতরেই দলীয় কর্মীদের নিয়ে দীর্ঘক্ষণ ধর্নায় বসেন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ।
অভিযোগ ও পাল্টা অভিযোগ
বিজেপির অভিযোগ, রবিবার তাদের নির্বাচনী কার্যালয়ে জোরপূর্বক পোস্টার সাঁটাতে যায় একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বিজেপি কর্মীরা বাধা দিলে কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং প্রার্থীর ছবি সংবলিত হোর্ডিং ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়।
বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন:
“পরাজয় নিশ্চিত জেনে তৃণমূলের বিদায়ী বিধায়ক রত্না চট্টোপাধ্যায় গুন্ডাবাহিনী দিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করছেন। পুলিশের সামনেই এই হামলা হয়েছে, অথচ প্রশাসন নীরব।”
অন্যদিকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। একটি পাল্টা ভিডিও দেখিয়ে তাঁর দাবি, বিজেপি কর্মীরাই বিভিন্ন এলাকায় তৃণমূলের ব্যানার-হোর্ডিং ছিঁড়ে এখন উল্টে শাসকদলের ওপর দোষ চাপাচ্ছে।

