নিরাপত্তা কমানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার শুনানিতে তাঁর সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে করা মন্তব্য তুলে ধরে আদালত অবমাননার অভিযোগ তুলল রাজ্য। বৃহস্পতিবার শুনানিতে রাজ্যের আইনজীবী ওই সাক্ষাৎকারের প্রসঙ্গ উত্থাপন করতেই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণ রাও। অভিষেকের উদ্দেশে তাঁর কটাক্ষ, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন, সেই তালিকা আদালতে জমা দিন। মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত।
উল্লেখ্য, আগে জ়েড প্লাস নিরাপত্তা পেতেন অভিষেক। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তাঁর নিরাপত্তা কমিয়ে এক্স ক্যাটাগরিতে নিয়ে আসা হয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মামলায় অভিষেকের আইনজীবীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই একজন সাংসদের নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। রাজনৈতিক কর্তাদের নির্দেশেই এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি তাঁর।
এর পরেই রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য আদালতে অভিষেকের সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ তোলেন। নিরাপত্তা কমানো নিয়ে সংবাদমাধ্যমকে দেওয়া ওই সাক্ষাৎকারে বিচারবিভাগের একাংশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ। রাজ্যের আইনজীবীর দাবি, বিচারপতিদের সম্পর্কে এ ধরনের মন্তব্য আদালত অবমাননার শামিল।
বিল্বদলের সওয়াল, ‘‘ওই সাক্ষাৎকারে মামলাকারী আপনাদের, মহামান্য বিচারপতিদের সম্পর্কে কটাক্ষ করেছেন। এমনকি, বিচারপতির নাম উল্লেখ করেছেন। আদালতকে এ ভাবে বোকা বানানো যায় না।’’ তাঁর বক্তব্য, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, কিন্তু বিচারব্যবস্থা তার ঊর্ধ্বে। সাক্ষাৎকারের প্রতিলিপি থেকে অভিষেকের বক্তব্য পড়ে শোনানোর পাশাপাশি তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা শুরুর আবেদনও জানান রাজ্যের আইনজীবী।
যদিও অভিষেকের আইনজীবী পাল্টা দাবি করেন, নিরাপত্তা সংক্রান্ত মূল মামলার সঙ্গে ওই সাক্ষাৎকারের কোনও সম্পর্ক নেই। মূল আবেদন থেকে আদালতের দৃষ্টি সরানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, সচেতন ভাবেই তাঁর মক্কেলকে নিশানা করা হচ্ছে। রাত ২টোয় অভিষেকের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলেও আদালতে দাবি করেন তাঁর আইনজীবী। তাঁর কথায়, নির্বাচনে হেরে যাওয়াই অভিষেকের একমাত্র অপরাধ। সেই কারণেই তাঁর নিরাপত্তা কমানো হয়েছে। ইতিমধ্যে তাঁর উপর ছ’বার হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করেন তিনি। রাজ্যে আইনের শাসনের সম্পূর্ণ অবনতি হয়েছে বলে সওয়াল করেন অভিষেকের আইনজীবী।
এর পরেই বিচারপতি কৃষ্ণ রাও বলেন, ‘‘আপনার মক্কেলকে জিজ্ঞাসা করুন, কোন কোন বিচারপতি বিজেপির সঙ্গে রয়েছেন আর কারা নেই! তিনি তো নিজেকে অত্যন্ত বুদ্ধিমান মনে করেন। তাঁকে বলুন, একটি তালিকা দিতে। আমি দেখে নেব।’’
বিচারপতি আরও বলেন, আদালত থেকে স্বস্তি না পেলে অন্য বেঞ্চের দ্বারস্থ হওয়ার সুযোগ ছিল। তাঁর মন্তব্য, ‘‘আদালত তো রয়েছে। এই আদালত যদি কোনও স্বস্তি না দিয়ে থাকে, তা হলে অন্য বেঞ্চের দ্বারস্থ হতে পারতেন! ছুটির সময়ও একাধিক বেঞ্চ বসেছিল।’’
অভিষেকের সাংসদ পরিচয়ের প্রসঙ্গ টেনে বিচারপতি বলেন, তিনি একজন শিক্ষিত মানুষ এবং সাংসদ। তাঁকে সাধারণ নাগরিকের মতো বিবেচনা করা যায় না। একই সঙ্গে কটাক্ষ করে বিচারপতি বলেন, ‘‘আপনার মক্কেল তো বিচারপতিদের বার্ষিক গোপনীয় মূল্যায়ন প্রতিবেদন (এসিআর) লিখে দিচ্ছেন!’’
কী বলেছিলেন অভিষেক?
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক অভিযোগ করেছিলেন, তাঁর নিরাপত্তা কমানো নিয়ে আদালতে মামলা যাতে না হয়, তার জন্য চাপ তৈরি করা হচ্ছে। তাঁর দাবি ছিল, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না এবং আদালতেও মামলাটি নিয়ে দীর্ঘসূত্রতা চলছে। আদানি সংক্রান্ত মামলা এক দিনে নিষ্পত্তি হলেও তাঁর মামলা তিন মাস ধরে এগোয়নি বলে অভিযোগ করেন তিনি।
সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, বিচারপতিদের একাংশ সংবিধান রক্ষার চেষ্টা করছেন। তবে তাঁর অভিযোগ, ‘‘একটা ক্লাস (শ্রেণি) বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে! এটা কী ধরনের জুডিশিয়ারি?’’
অভিষেকের সেই মন্তব্যকেই এ দিন আদালতে হাতিয়ার করে রাজ্য। অন্য দিকে, নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন তৃণমূল সাংসদের আইনজীবী। দু’পক্ষের সওয়াল-জবাব শোনার পর মামলার রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি কৃষ্ণ রাও।

