সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি স্বীকার স্বাস্থ্যমন্ত্রীর, স্থায়ী নিয়োগের আগে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত

সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি স্বীকার স্বাস্থ্যমন্ত্রীর, স্থায়ী নিয়োগের আগে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকের ঘাটতি রয়েছে, তা স্বীকার করে নিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তবে আপাতত স্থায়ী নিয়োগের পথে না হেঁটে চুক্তিভিত্তিক পদ্ধতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জানান, শুক্রবার থেকেই এই নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। হাসপাতালগুলিতে যেখানে ঘাটতি রয়েছে, সেখানে চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করে পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে।

স্বাস্থ্য ভবন সূত্রে খবর, শুধু গ্রামীণ হাসপাতাল নয়, কলকাতা ও শহরতলির একাধিক সরকারি হাসপাতালেও চিকিৎসকের অভাব রয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ, বিধাননগর মহকুমা হাসপাতাল, নর্থ সাবার্বান হাসপাতাল, বিদ্যাসাগর হাসপাতাল, বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতাল এবং ব্যারাকপুরের বিএন বসু হাসপাতাল-সহ একাধিক প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘যেখানে ঘাটতি পাব, সেখানেই চুক্তিভিত্তিক চিকিৎসকদের মাধ্যমে পরিষেবা দেওয়া হবে।’’

কেন স্থায়ী নিয়োগের পরিবর্তে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত? স্বাস্থ্য ভবনের আধিকারিকদের ব্যাখ্যা, সরকারি স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগের কথা ভাবা হয়েছে। অতীতে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে চিকিৎসক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট-সহ বিভিন্ন পদে নিয়োগ করা হত। সেই প্রক্রিয়া সম্পন্ন হতে সাধারণত প্রায় আট মাস সময় লাগত। কিন্তু পিএসসির মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে অন্তত দেড় বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‘দেড় বছর তো স্বাস্থ্য দফতর বসে থাকতে পারে না। সেই জন্য চুক্তিভিত্তিক কর্মচারী আমরা নেব। ডাক্তার থেকে গ্রুপ ডি, যেখানে যেখানে দরকার, সেখানে চুক্তিভিত্তিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে।’’

স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছেন, দু’হাজারের বেশি চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, আট থেকে ১০ হাজার নার্সিং স্টাফ নিয়োগের কথাও ভাবা হচ্ছে। নার্সদের ক্ষেত্রেও চুক্তিভিত্তিক নিয়োগের সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে স্থায়ী নিয়োগের পরেও যদি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি থাকে, তা হলে চুক্তিভিত্তিক পদ্ধতিতে নিযুক্ত কর্মীদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

অন্য দিকে, চিকিৎসক সংগঠনগুলির একাংশের বক্তব্য, রাজ্যে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৪১টি মেডিক্যাল কলেজে এমবিবিএসের আসনসংখ্যা ৭৪০০। রোগীর অনুপাতে চিকিৎসকের সংখ্যা বজায় রাখতে একসময় প্রতি বছর চিকিৎসক ও নার্স নিয়োগের রীতি ছিল। কিন্তু কোভিড পর্ব থেকে দীর্ঘ সময় সেই নিয়োগপ্রক্রিয়া বন্ধ ছিল।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (জিডিএমও), স্টাফ নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট-সহ বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। জিডিএমও পদে ১২২৭, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে ৬২২, স্টাফ নার্স গ্রেড-টু পদে ৬৪৪৩, ফার্মাসিস্ট পদে ৩৫০ এবং মেডিক্যাল টেকনোলজিস্ট পদে ৮০৯টি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। সব মিলিয়ে ৯৪৫৪টি শূন্যপদের বিপরীতে ৮৫০০ জনকে নিয়োগের সুপারিশ স্বাস্থ্য দফতরের কাছে পাঠিয়েছিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। তবে বর্তমান পরিস্থিতিতে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে কর্মীর চাহিদা যে এখনও পূরণ হয়নি, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে তা স্পষ্ট।

চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানালেও স্থায়ী নিয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্সের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, অতীতে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগপ্রক্রিয়া নিয়ে যে অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতে পিএসসির মাধ্যমে নিয়োগে তাঁদের আপত্তি নেই। তবে মেধাবী ও দক্ষ চিকিৎসকদের সরকারি স্বাস্থ্যক্ষেত্রে আকৃষ্ট করতে স্থায়ী নিয়োগের বিকল্প নেই। সরকারের সদিচ্ছা থাকলে দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব বলেও দাবি তাঁর।

অন্য দিকে, স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেছেন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়। তাঁর দাবি, নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠলেই হবে না, তার প্রমাণও দিতে হবে। তাঁর আমলে টিসিএসের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়েছিল বলে জানান তিনি। পাশাপাশি, চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন সুদীপ্ত। তাঁর বক্তব্য, জিডিএমও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও নার্স নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণদের প্যানেলের মেয়াদ এখনও রয়েছে। ফলে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ না করে ওই প্যানেল থেকেই স্থায়ী পদে কর্মী নিয়োগ করা যেতে পারে। প্যানেলে থাকা প্রার্থীদের তালিকা হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট এবং স্বাস্থ্য ভবন, দু’জায়গাতেই রয়েছে বলে দাবি তাঁর।

সুদীপ্ত রায়ের বক্তব্যকে সমর্থন করেছেন আরজি কর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোও। তাঁর প্রশ্ন, প্যানেল তৈরি হয়ে থাকলে সেখান থেকে স্থায়ী চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগে বাধা কোথায়? ওই প্যানেল থেকে ইতিমধ্যেই অনেককে নিয়োগ করা হয়েছে। তাঁদের নিয়োগে যদি দুর্নীতির অভিযোগ না থাকে, তা হলে বাকি প্রার্থীদের নিয়োগে সমস্যা হওয়ার কথা নয় বলেই মত তাঁর।

তবে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্তকে বাস্তবসম্মত বলে সমর্থন জানিয়েছেন বিজেপির চিকিৎসক সেলের নেতা কল্যাণাশিস মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, এত দিন স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগের নামে দুর্নীতি হয়েছে। বর্তমান পরিস্থিতিতে চিকিৎসকের ঘাটতি মেটাতে চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর পদক্ষেপ। স্বাস্থ্যমন্ত্রী স্থায়ী নিয়োগ বন্ধের কথা বলেননি, বরং স্থায়ী নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার সঙ্কট সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন তিনি। যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, তাদের একাংশের বিরোধিতার পিছনে রাজনৈতিক আনুগত্য কাজ করছে বলেও অভিযোগ তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.