নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: দেশের ভবিষ্যৎ, সুশাসন, কৌশলগত যোগাযোগ এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের ভাবনা নিয়ে আলোচনার মঞ্চ হতে চলেছে ‘SMaRT4Bharat Summit’। আগামী ২৮ নভেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে বসবে এই সম্মেলন। জ়োহোর উদ্যোগে, সিদ্ধান্ত গ্রুপের পরিকল্পনায় আয়োজিত এই সম্মেলনে সহযোগী হিসেবে রয়েছে দিল্লি ট্যুরিজম।
দেশ গঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের এক ছাতার তলায় এনে ভবিষ্যতের নীতি ও উন্নয়ন-ভাবনা নিয়ে মতবিনিময়ই এই সম্মেলনের মূল লক্ষ্য। আয়োজকদের দাবি, প্রশাসন, নীতি-নির্ধারণ, কৌশলগত পরিকল্পনা এবং প্রযুক্তি ও উদ্ভাবনের মতো ক্ষেত্রের বাস্তব সমস্যার সমাধানে নতুন ভাবনার পথ খুঁজবে এই মঞ্চ।
সম্মেলনে অংশ নেওয়ার কথা আইনজীবী, নীতি-পরিকল্পনাবিদ, কৌশলগত চিন্তাবিদ এবং উদ্ভাবন ক্ষেত্রের প্রতিনিধিদের। বক্তাদের পূর্ণ তালিকা এখনও প্রকাশ্যে আনা হয়নি। তবে আয়োজকদের তরফে জানানো হয়েছে, দিনভর একাধিক ‘কী-নোট’ বক্তৃতা এবং প্যানেল আলোচনার আয়োজন থাকবে। দেশের বর্তমান চ্যালেঞ্জ থেকে ভবিষ্যতের উন্নয়ন-পরিকল্পনা—বিভিন্ন বিষয়েই সেখানে আলোচনা হতে পারে।
আয়োজকদের মতে, বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গিকে এক জায়গায় এনে বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদি সমাধানের সন্ধান করাই সম্মেলনের অন্যতম উদ্দেশ্য। ভারত মণ্ডপমে এই আয়োজনের ফলে জাতীয় স্তরে নীতি ও উন্নয়ন সংক্রান্ত আলোচনাও নতুন মাত্রা পাবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রতিনিধি-নিবন্ধন ইতিমধ্যেই শুরু হয়েছে। আগ্রহীরা summit.smart4bharat.com-এ গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন। ২৮ নভেম্বর দিনভর ভারত মণ্ডপমে চলবে ‘SMaRT4Bharat Summit’।


