শ্রীলঙ্কার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ়ে ৪০০-র বেশি রান তুলেও হারতে হয়েছিল ইংল্যান্ডকে। এ বার আইসিসি-র এক দিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়েও আরও এক ধাপ পিছিয়ে গেল হ্যারি ব্রুকের দল। আফগানিস্তান জ়িম্বাবোয়েকে হারিয়ে র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। ফলে অষ্টম স্থানে নেমে গিয়েছে ইংল্যান্ড।
শুক্রবার ত্রিদেশীয় সিরিজ়ের ফাইনালে জ়িম্বাবোয়ের মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। সেই ম্যাচে জয় তুলে নিয়ে দু’টি রেটিং পয়েন্ট অর্জন করে তারা। শনিবার প্রকাশিত আইসিসি-র এক দিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে তারই প্রতিফলন দেখা গিয়েছে। অন্য দিকে, ত্রিদেশীয় সিরিজ়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে পর পর হেরে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। যদিও এই দুই দলের বিরুদ্ধে আরও ম্যাচ খেলার সুযোগ রয়েছে ব্রুকদের। সেই ম্যাচগুলিতে জয় এবং ফাইনালে সাফল্য পেলে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পারে ইংল্যান্ড।
প্রকাশিত র্যাঙ্কিংয়ে ১১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ছয় পয়েন্ট পিছনে ১০৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে নিউ জ়িল্যান্ড। তালিকায় এর পর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ় রয়েছে।
জ়িম্বাবোয়েকে সহজেই হারাল আফগানিস্তান
শুক্রবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১৬৯ রানে অলআউট হয়ে যায় জ়িম্বাবোয়ে। আফগানিস্তানের হয়ে রশিদ খান তিনটি উইকেট নেন। ফজ়লহক ফারুকি, মহম্মদ নবি ও বিলাল সামি দু’টি করে উইকেট দখল করেন।
জবাবে রান তাড়া করতে নেমে বিশেষ সমস্যায় পড়তে হয়নি আফগানিস্তানকে। ৩৫ ওভার শেষ হওয়ার আগেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ইব্রাহিম জ়াদরান। ৯৬ বলে চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৭০ রানে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া রহমানুল্লাহ গুরবাজ় করেন ৩৬ রান এবং রহমত শাহের সংগ্রহ ৪৩ রান। এই জয়ের সুবাদেই আইসিসি-র এক দিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পিছনে ফেলে সপ্তম স্থানে উঠে এল আফগানিস্তান।

