প্রতিশ্রুতির শিখর থেকে অন্ধকারে: ভারতীয় ক্রিকেট থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছেন পৃথ্বীশ

প্রতিশ্রুতির শিখর থেকে অন্ধকারে: ভারতীয় ক্রিকেট থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছেন পৃথ্বীশ

একসময় যাঁকে ভারতীয় ক্রিকেটের পরবর্তী ‘সচিন তেন্ডুলকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সময়ের স্রোতে তিনি আজ বিস্মৃতির পথে। ৯ বছর আগেও যাঁর ব্যাটে ভবিষ্যতের বড় তারকার ছায়া দেখেছিলেন বিশেষজ্ঞরা, সেই পৃথ্বী শ আজ ঘরোয়া দলেও সুযোগ পান না। ক্রিকেটের বাইশ গজের বাইরে তাঁর চড়াই-উতরাই এবং ব্যক্তিগত জীবনের একের পর এক ধাক্কা তাঁর ক্যারিয়ারকে আজ এক অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়েছে।

ঝকঝকে শুরু ও উজ্জ্বল ভবিষ্যৎ

২০১৭ সালে ভারতীয় ক্রিকেটে নিজের আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন পৃথ্বী শ। তাঁরই নেতৃত্বে ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই বিজয়ী দলেই বর্তমান টেস্ট ও ওয়ান ডে দলের অধিনায়ক শুভমন গিলও ছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, শুভমনের অনেক আগেই জাতীয় দলে অভিষেক ঘটেছিল মুম্বইয়ের তরুণ ওপেনার পৃথ্বীর।

২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ওপেন করতে নেমে প্রথম ইনিংসেই দুর্দান্ত শতরান করে নজর কেড়েছিলেন তিনি। পরবর্তীতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে একদিনের দলে এবং ২০২১ সালের জুলাইয়ে টি-টোয়েন্টি দলেও তাঁর অভিষেক হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, ২০২১ সালের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৫টি টেস্টে ৪২.৩৭ গড়ে ৩৩৯ রান, ৬টি ওয়ান ডে ম্যাচে ১৮৯ রান এবং একটিমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

পতনের কারণ ও শৃঙ্খলার অভাব

শুধু মাঠের ফর্মহীনতাই নয়, পৃথ্বীর পিছিয়ে পড়ার অন্যতম বড় কারণ হিসেবে উঠে এসেছে তাঁর শৃঙ্খলার অভাব এবং ফিটনেসের ঘাটতি। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর শরীরের ওজন বৃদ্ধি পায়। পাশাপাশি, মাঠের বাইরের বিভিন্ন বিতর্কেও জড়িয়ে পড়েন তিনি, যা তাঁর কেরিয়ারের গ্রাফ নামিয়ে দেয়।

আইপিএলে প্রথমদিকে নিয়মিত সুযোগ পেলেও পরবর্তী সময়ে ফ্র্যাঞ্চাইজি দলেও তাঁর জায়গা নড়বড়ে হয়ে যায়। এমনকি মুম্বইয়ের ঘরোয়া দলেও নিজের জায়গা হারিয়ে বাধ্য হয়ে মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে মহারাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে ভালো খেলে ফের জাতীয় দলে কামব্যাক করার চেষ্টা চালালেও, সেই সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন

পেশাদার জীবনের এই বিপর্যয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনও চরম জর্জরিত। অতীতে মুম্বইয়ে এক তরুণীর সঙ্গে আইনি বিবাদে জড়িয়ে থানাপুলিস পর্যন্ত গড়ানোর ঘটনায় নাম জড়িয়েছিল তাঁর, যদিও পরে তিনি সেই ঝামেলা থেকে মুক্তি পান। এ ছাড়া, চলতি বছরের মার্চ মাসে আকৃতি অগ্রবাল নামের এক তরুণীর সঙ্গে তাঁর বাগদান সম্পন্ন হয়েছিল বলে জানা গেলেও, সম্প্রতি সেই সম্পর্ক ও ভাঙনের খবর সামনে এসেছে। সবমিলিয়ে, একসময়ের প্রতিভাবান এই ভারতীয় ক্রিকেটারের পেশাগত ও ব্যক্তিগত জীবন বর্তমানে চরম ডামাডোলের মধ্য দিয়ে চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.