কাউন্টি ক্রিকেটে অভিষেক হতে চলেছে মুকেশ কুমারের, নটিংহ্যামশায়ারে সই করলেন বাংলার পেসার

কাউন্টি ক্রিকেটে অভিষেক হতে চলেছে মুকেশ কুমারের, নটিংহ্যামশায়ারে সই করলেন বাংলার পেসার

দলীপ ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বড় স্বীকৃতি পেলেন মুকেশ কুমার। বাংলার এই পেসারকে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দুটি ম্যাচ খেলানোর জন্য দলে ভিড়ালো নটিংহ্যামশায়ার। সোমবার এই ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে এই প্রথম বিদেশের মাটিতে কোনো ঘরোয়া টুর্নামেন্টে খেলতে নামছেন মুকেশ। পাশাপাশি, শোনা যাচ্ছে ভারতীয় দলের আরেক পেসার মহম্মদ শামিকেও নাকি কাউন্টির কোনো ক্লাব সই করাতে পারে।

ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ২৬টি আন্তর্জাতিক ম্যাচে ৩২টি উইকেট নিয়েছেন মুকেশ, যার মধ্যে রয়েছে তিনটি টেস্ট ম্যাচ। কাউন্টি প্রতিযোগিতার শেষ পর্যায়ে এসে মুকেশকে দলে টেনে নিজেদের বোলিং বিভাগ আরও শক্তিশালী করে তুলল নটিংহ্যামশায়ার।

নতুন ক্লাবে যোগ দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মুকেশ বলেন, “মরসুমের একটা গুরুত্বপূর্ণ সময়ে নটিংহ্যামশায়ারে যোগ দিতে পেরে আমি আনন্দিত। ইংল্যান্ডে যাওয়ার জন্য তর সইছে না। কাউন্টি ক্রিকেটে নিজেকে পরীক্ষা করতে চাই। নটিংহ্যামশায়ারকে সাফল্য এনে দেওয়া এবং দলের জন্য যতটা সম্ভব অবদান রাখতে পারাই আমার অন্যতম উদ্দেশ্য। নতুন সতীর্থ এবং অধিনায়কের অধীনে খেলতে পারার জন্য অপেক্ষা করে রয়েছি।”

এর আগে কখনও ইংল্যান্ডের মাটিতে লাল বলের ক্রিকেট খেলার অভিজ্ঞতা নেই মুকেশের। তবে এর আগে ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকায় একটি করে টেস্ট খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতা প্রসঙ্গে মুকেশের মন্তব্য, “ইংল্যান্ডে খেলা সব সময়েই একটা নতুন চ্যালেঞ্জ। নতুন দলে, নতুন পরিস্থিতিতে খেলার চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। নটিংহ্যামশায়ারের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। আশা করি দলকে সাফল্য এনে দিতে পারব।”

আইপিএলে দিল্লির হয়ে খেলা এই পেসারের ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যানও অত্যন্ত সমৃদ্ধ। ৬১টি প্রথম শ্রেণির ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ২৩৩টি উইকেট, এবং ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১০ বার। সম্প্রতি তাঁর নেতৃত্ব ও বোলিং নৈপুণ্যেই দীর্ঘ ১৪ বছর পর দলীপ ট্রফির খেতাব জিতেছে পূর্বাঞ্চল দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.