অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের হাত ধরে পেশাদার ক্রিকেট খেলার সুযোগ পাওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডকে তীব্র সমালোচনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় বঙ্গারের কন্যা অনয়া বঙ্গার। তাঁর অভিযোগ, ভারতে ক্রিকেট খেলার প্রবল ইচ্ছা ও যোগ্যতা থাকা সত্ত্বেও একপেশে ও অনমনীয় নিয়মের কারণে তাঁকে মাঠের বাইরে থাকতে হয়েছে। ভারতীয় বোর্ডের রক্ষণশীল নীতি বদলানোর দাবি তুলে অস্ট্রেলিয়া বোর্ডকে আদর্শ হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।
সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনয়া আক্ষেপ প্রকাশ করে জানান, ভারতীয় বোর্ড তাঁর প্রতি বরাবরই নীরব থেকেছে, যা তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে এবং প্রচণ্ড হতাশ করেছে। তিনি বলেন, ‘‘আমি জানতাম লিঙ্গান্তরিত (ট্রান্সজেন্ডার) হলে ক্রিকেট থেকে দূরে সরে যেতে হবে। আশা করি এ বার বোর্ড আমাদের মতো ক্রিকেটারদের মূলস্রোতে খেলানোর বিষয়ে নতুন ও ইতিবাচক নিয়ম তৈরি করবে। কারণ, ভারতে এই পরিস্থিতির মুখোমুখি হওয়া আমিই প্রথম।’’ ভবিষ্যতে সুযোগ পেলে দেশের হয়ে মাঠে নেমে নিজের অভিজ্ঞতা ও জ্ঞান তরুণ প্রজন্মের সঙ্গে ভাগ করে নিতে তিনি সম্পূর্ণ প্রস্তুত বলে জানান।
লিঙ্গ পরিবর্তনের মতো একটি কঠিন সিদ্ধান্তের পর জীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অনয়া জানান, এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। রূপান্তরিত ক্রীড়াবিদ হওয়ার পর দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক পরিবেশের কারণে তিনি নিজেকে চরম বিচ্ছিন্ন ও একা বোধ করেছেন। তাঁর কথায়, ‘‘আপনি বুঝতে পারবেন যে আপনার যন্ত্রণা বোঝার কেউ নেই। সবাই নানা রকম উপদেশ দেবেন, কিন্তু নিজের বেছে নেওয়া পথটাই যে সঠিক, তা নিজের বিশ্বাসের জোরেই প্রমাণ করতে হয়।’’

