নাম না করে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কড়া সমালোচনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর, ভূয়সী প্রশংসা করলেন মোদীর

নাম না করে ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির কড়া সমালোচনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর, ভূয়সী প্রশংসা করলেন মোদীর

আমেরিকার শুল্কনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে ঘনঘন সিদ্ধান্ত বদলের প্রবণতাকে ‘স্বেচ্ছাচারী’ বলে কটাক্ষ করলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার। মুম্বইয়ে ভারত ও বেলজিয়ামের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরাসরি উচ্চারণ না করলেও তাঁর খামখেয়ালি নীতির তীব্র সমালোচনা করেন।

শুল্কনীতি ও ট্রাম্পের সমালোচনা ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর মুক্ত বাণিজ্যচুক্তির বিষয়ে আলোচনার জন্য মুম্বইয়ে উপস্থিত হয়েছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের খামখেয়ালিপনাকে বিঁধে তিনি বলেন, ‘‘কেউ কেউ এটা খেয়ালখুশিমতো করে থাকেন। সোমবার কোনও সিদ্ধান্ত নেন, বুধবার তা প্রত্যাহার করেন। শনিবার আবার সেই সিদ্ধান্ত পুনর্বহাল করেন।’’ এরপর তিনি যোগ করেন, ‘‘আমি নামটা বলব না। কিন্তু আপনারা জানেন আমি কার কথা বলছি।’’ আন্তর্জাতিক বাণিজ্যে একতরফা শুল্ক ও অর্থনৈতিক জবরদস্তির বিরুদ্ধে ভারত-ইইউ মুক্ত বাণিজ্যচুক্তি একটি ‘কাঠামোগত সুরক্ষা’ প্রদান করতে পারে বলে মত প্রকাশ করেন তিনি।

নরেন্দ্র মোদীর প্রশংসা বৈঠকে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসাও শোনা যায়। বিভিন্ন বিশ্বনেতাদের কাজের পদ্ধতির সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, অনেক রাষ্ট্রনেতার কথা শুনলে ভয় বা অস্বস্তি হয়, কিন্তু নরেন্দ্র মোদী যখন কথা বলেন, তখন তা গভীর ভাবনার উদ্রেক করে এবং মনে হয় তিনি যা বলছেন সেটাই সঠিক পথ। পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়ে ওয়েভার জানান যে তারা কেবল নিজেদের সামর্থ্য নিয়ে আলোচনা করতে আসেননি, বরং একসঙ্গে কী কী করা সম্ভব সে বিষয়ে একমত হতে এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.