বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া বঙ্গরত্ন তথা আইপিএল (IPL) দল দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটার অভিষেক পোড়েলের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। তিন দিনের পুলিশি হেফাজত শেষে শুক্রবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হলে বিচারক তাঁর ১৪ দিনের জেল হেফাজতের (বিচার বিভাগীয় হেফাজত) নির্দেশ দেন।
হুগলির মগরা থানার পুলিশ গত মঙ্গলবার অভিষেককে গ্রেফতার করেছিল। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জুন কর্নাটকের এক তরুণী মগরা থানায় তরুণ এই ক্রিকেটারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
কী ছিল অভিযোগ?
অভিযোগকারী তরুণীর দাবি, অভিষেকের সাথে তাঁর প্রায় সাড়ে তিন বছরের দীর্ঘ সম্পর্ক ছিল এবং তাঁরা বিবাহের সিদ্ধান্তও নিয়েছিলেন। এমনকি তাঁরা একসাথে বিদেশেও ভ্রমণ করেছিলেন। কিন্তু দেড় বছর আগে তাঁদের সম্পর্কে চরম অবনতি ঘটে। বিষয়টি সে সময় থানা পর্যন্ত গড়ালেও তখন কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি। সম্প্রতি তিনি মগরা থানায় অভিষেকের বিরুদ্ধে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ জানান।
অভিযোগ দায়েরের পর প্রাথমিকভাবে কোনো আইনি পদক্ষেপ না নেওয়ায় ওই তরুণী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের বিচারপতির স্পষ্ট নির্দেশের পরই পুলিশ সক্রিয় হয় এবং ক্রিকেটারকে গ্রেফতার করে।
অভিষেকের বক্তব্য
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন অভিষেক পোড়েল। অভিযোগের সময় বেঙ্গালুরু থেকে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বর্তমানে তাঁর ক্রিকেটীয় পারফরম্যান্স ভালো হওয়ায় তাঁকে হেয় করতেই এই ধরণের ভিত্তিহীন নানা কথা তোলা হচ্ছে।
তবে শুক্রবার আদালতের নির্দেশের পর তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

