নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার পর থেকেই দক্ষিণবঙ্গে উধাও হয়েছে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া। দু’-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও আপাতত বড় কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। দেশের বেশ কয়েকটি রাজ্য থেকে মৌসুমি বায়ু বিদায় নিতে শুরু করলেও পশ্চিমবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না বর্ষা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণ— উভয়বঙ্গেই হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দেশজুড়ে বর্ষার বিদায়ঘণ্টা, বাংলায় কী পরিস্থিতি?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশের অবশিষ্টাংশ, গুজরাত, মধ্যপ্রদেশের অধিকাংশ এলাকা এবং সমগ্র জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড থেকে বর্ষা সম্পূর্ণরূপে বিদায় নেবে। পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড ও ছত্তীসগঢ়ের কিছু অংশ থেকেও মৌসুমি বায়ু প্রত্যাবর্তনের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
তবে এখনই সেই তালিকায় যুক্ত হচ্ছে না পশ্চিমবঙ্গ। আবহাওয়া দপ্তরের মতে, রাজ্য থেকে এখনই বর্ষা পুরোপুরি বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
দক্ষিণবঙ্গে আপাতত দুর্যোগের আভাস নেই
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েক দিন ধরেই আবহাওয়া মূলত শুষ্ক ও আংশিক মেঘলা। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব ক’টি জেলার দু’-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোনো সতর্কতা জারি করার মতো প্রতিকূল আবহাওয়া নেই বলে জানিয়েছে দফতর।
উত্তরবঙ্গে হলুদ সতর্কতা
দক্ষিণবঙ্গের পরিস্থিতি শান্ত থাকলেও উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল অঞ্চলে বৃষ্টির প্রভাব বজায় থাকছে।
- শনিবার: দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার— এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা (Yellow Warning) জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি তিন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
- রবিবার ও পরবর্তী দিনগুলি: রবিবার কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে একই ধরনের আবহাওয়ার জন্য হলুদ সতর্কতা বহাল থাকবে। তবে সোমবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের আটটি জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড় ধরনের কোনো সতর্কতা জারি করেনি আবহাওয়া দফতর।

