বেন স্টোকস টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর ইংল্যান্ড টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জো রুট। টেস্ট দলের সহ-অধিনায়ক এবং বর্তমানে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুককে ইসিবি (ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড)-এর পক্ষ থেকে টেস্ট অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেন ব্রুক। আগামী ১৯ অগস্ট থেকে পাকিস্তানের বিরুদ্ধে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসে।
অনেকের ধারণা ছিল, গত বছর নিউজিল্যান্ড সফরে নাইট ক্লাব সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়ার কারণেই হয়তো ব্রুককে টেস্টের নেতৃত্ব দেওয়া হয়নি। তবে সাক্ষাৎকারে ব্রুক নিজেই জানান যে সিদ্ধান্তটি তাঁর নিজেরই ছিল।
বিবিসি (BBC)-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেন তিনি এই দায়িত্ব গ্রহণ করেননি—সেই প্রশ্নে ব্রুক বলেন, “কেন আমি রাজি হইনি তা ঠিক বলতে পারব না। সত্যিই আমার জানা নেই, তবে আমি নিজে থেকেই টেস্ট দলের নেতৃত্ব নিতে চাইনি।”
একই সঙ্গে জো রুটের হাতে পুনরায় দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ব্রুক বলেন, “জো রুটকে টেস্ট দলের অধিনায়ক করা একদম সঠিক সিদ্ধান্ত। উনি কিভাবে দলকে নেতৃত্ব দেন, তা দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। নিঃসন্দেহে এই দায়িত্বের জন্য রুটই সবচেয়ে যোগ্য ব্যক্তি এবং তাঁর নেতৃত্বে টেস্ট খেলার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
ব্রুক প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসিবি অভিজ্ঞতা ও দক্ষতার ওপর ভরসা রেখে ৩৫ বছর বয়সী জো রুটকেই পুনরায় টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত করে। প্রাক্তন এই অধিনায়ক টেস্ট ব্যাটিংয়ে বিশেষ মনোযোগ দেওয়ার পাশাপাশি পুনরায় দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব সামলাবেন।

