প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথা আগেও একাধিক বার প্রকাশ্যে জানিয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বার রাষ্ট্রপতি ভবনে প্রণবের সঙ্গে একান্ত সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে তাঁর দেওয়া রাজনৈতিক পরামর্শের কথা জানালেন তিনি। শুভেন্দুর দাবি, তৃণমূলে থাকবেন, নাকি নিজের রাজনৈতিক পরিচিতি ও ক্ষমতায় এগিয়ে যাবেন, সেই সিদ্ধান্তের ভার তাঁর উপরেই ছেড়ে দিয়েছিলেন প্রণব। তাঁর পরামর্শ ছিল, ‘‘এমপ্লয়ি হয়ে থাকতে হলে এখানে (তৃণমূলে) থাকো। নিজের দমে এগিয়ে যেতে হলে মোদীজির সঙ্গে থাকো।’’
মঙ্গলবার একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন শুভেন্দু। তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ওটা তো সিঙ্গল বুয়া-ভাতিজা কোম্পানি। আমিও ছিলাম। কিন্তু এমপ্লয়ি হয়ে থাকব না বলে বেরিয়ে এসেছি।’’ সেই প্রসঙ্গেই প্রণব মুখোপাধ্যায়কে নিজের ‘অরিজিনাল অ্যাডভাইজ়র’ বা প্রকৃত পরামর্শদাতা বলে উল্লেখ করেন তিনি।
শুভেন্দুর কথায়, রাষ্ট্রপতি হওয়ার পরে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে রাইসিনা হিলসে গিয়েছিলেন তিনি। তত দিনে তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান ঘটেছে। সেই পরিস্থিতিতে কী করা উচিত, তা নিয়ে প্রণবের পরামর্শ চেয়েছিলেন তিনি। শুভেন্দুর দাবি, প্রণব তাঁকে বলেছিলেন, ‘‘কী করবে, ভেবে নাও। এমপ্লয়ি হয়ে থাকতে হলে এখানে থাকো। নিজের দমে এগিয়ে যেতে হলে মোদীজির সঙ্গে থাকো।’’
তবে এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রণব মুখোপাধ্যায় আর বেঁচে নেই। তিনি ছিলেন তাঁর অভিভাবক ও পরামর্শদাতা। শুধু রাজনীতিক হিসাবেই নয়, দেশের সমস্ত মানুষের কাছেই প্রণব শ্রদ্ধার পাত্র। তাই তাঁর সম্পর্কে এমন কোনও মন্তব্য করতে চান না, যা নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। সেই সময়ের মধ্যেই কোনও এক সময়ে রাইসিনা হিলসে বসে এই পরামর্শ দিয়েছিলেন বলে দাবি শুভেন্দুর। তবে ঠিক কবে তাঁদের মধ্যে এই কথোপকথন হয়েছিল, তা স্পষ্ট করেননি তিনি। উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। তার কয়েক মাস আগেই, ওই বছরের অগস্টে প্রয়াত হন প্রণব মুখোপাধ্যায়।
শুভেন্দুর এই দাবি নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কোনও মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা নিয়ে বিশ্বাস বা অবিশ্বাসের কোনও প্রশ্ন আমার নেই। কিন্তু আমি এ বিষয়ে কোনও মন্তব্য করব না। কারণ, দু’জনের ওই কথোপকথনের সময়ে আমি সেখানে উপস্থিত ছিলাম না।’’
একই অবস্থান নিয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ আখরুজ্জামানও। বর্তমানে তিনি গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক। প্রণব জঙ্গিপাড়ার সাংসদ থাকাকালীন তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন আখরুজ্জামান। তাঁর কথায়, ‘‘আমি যেহেতু সাক্ষী নই, তাই আর কী বলব! তিনি তো আর বানিয়ে এ কথা বলতে পারবেন না। তিনি যদি কারও স্মৃতিচারণা করেন, সেখানে নতুন করে আমার বলার কী আছে?’’
অন্য দিকে, শুভেন্দুর বক্তব্যের সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর মতে, এই মন্তব্যের মাধ্যমে প্রণব মুখোপাধ্যায়কে প্রশ্নের মুখে দাঁড় করানো হচ্ছে। শুভঙ্কর বলেন, ‘‘রাজনীতিবিদ হিসেবে প্রণববাবু যখন তাঁকে কোনও পরামর্শ দিয়েছিলেন, তখন তাঁর জীবদ্দশাতেই সেই কথা প্রকাশ্যে বলা উচিত ছিল।’’
প্রণবের দীর্ঘ দিনের রাজনৈতিক সতীর্থ প্রদীপ ভট্টাচার্যও শুভেন্দুর দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁর কথায়, ‘‘প্রণব মুখোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি বা আরএসএস-কে কখনও সমর্থন করবেন, এটা বিশ্বাস করতে আমার কষ্ট হয়।’’
তবে প্রণব মুখোপাধ্যায়কে ঘিরে শুভেন্দুর স্মৃতিচারণ এই প্রথম নয়। এর আগেও একাধিক সভায় প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্কের কথা তুলে ধরেছেন তিনি। ২০২০ সালের অগস্টে প্রণবের মৃত্যুর পরে নিমতৌড়ির একটি সভায় শুভেন্দু জানিয়েছিলেন, ২০০৯ সালে তমলুক লোকসভা কেন্দ্রে তাঁর প্রথম জয়ের পিছনে প্রণবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
২০০৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে প্রথম বার সাংসদ নির্বাচিত হন শুভেন্দু অধিকারী। সেই নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়েছিল তৃণমূল। ফলে দুই দলের শীর্ষ নেতারা পরস্পরের প্রার্থীদের সমর্থনে প্রচারে অংশ নিয়েছিলেন। সেই সূত্রেই তৎকালীন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায় তমলুকে শুভেন্দুর সমর্থনে সভা করতে এসেছিলেন।
সেই সভার স্মৃতি তুলে ধরে শুভেন্দু জানান, প্রণব পুরুলিয়া থেকে হেলিকপ্টারে মহিষাদলে এসেছিলেন। সেখানে তাঁর কাঁধে হাত রেখে উপস্থিত জনতার উদ্দেশে প্রণব বলেছিলেন, সতীশ সামন্ত ও সুশীল ধাড়ার হাত ধরেই তাঁর রাজনৈতিক উত্থান। এ বার তিনি শুভেন্দুকে তমলুকের মানুষের হাতে তুলে দিচ্ছেন। শুভেন্দুকে জয়ী করার আবেদন জানিয়ে প্রণব বলেছিলেন, তিনি কখনও এলাকার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। শুভেন্দুর দাবি, হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই কথা বলেছিলেন প্রণব। এর পরেই তাঁকে বিপুল সমর্থনে সংসদে পাঠিয়েছিলেন তমলুকের মানুষ।
শুভেন্দু আরও জানিয়েছিলেন, তৃণমূল কংগ্রেস গঠনের আগে প্রণব মুখোপাধ্যায় যখন প্রদেশ কংগ্রেস সভাপতি হন, তখন নিজের কোটায় তাঁকে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্যও করেছিলেন। ফলে রাজনৈতিক জীবনের শুরুর পর্ব থেকেই প্রণবের সঙ্গে তাঁর যোগাযোগ ও সম্পর্ক ছিল বলে বারবার দাবি করেছেন বর্তমান মুখ্যমন্ত্রী।

