পুজো অনুদান নিয়ে বিতর্কিত নিদান: অনুদান নিলে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি থাকা বাধ্যতামূলক, হুঁশিয়ারি বিজেপি জেলা সভাপতির

পুজো অনুদান নিয়ে বিতর্কিত নিদান: অনুদান নিলে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি থাকা বাধ্যতামূলক, হুঁশিয়ারি বিজেপি জেলা সভাপতির

পূর্বতন সরকারের ধারা বজায় রেখে বর্তমান বিজেপি আমলেও দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এ বার অনুদানের পরিমাণ এক লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই সরকারি অনুদান নিয়ে পুজো করতে হলে সংশ্লিষ্ট ক্লাবগুলির মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো বাধ্যতামূলক বলে জানালেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি। এমনকি এই নির্দেশ অমান্য করলে আইনি বা প্রশাসনিক পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সাঁইথিয়ায় পুজো কমিটির সঙ্গে প্রশাসনিক বৈঠক

বুধবার বীরভূমের সাঁইথিয়ার রবীন্দ্র ভবনে দুর্গাপুজো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন পুজো কমিটির পক্ষ থেকে একটি আলোচনাসভার আয়োজন করা হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়, সাঁইথিয়ার বিধায়ক কৃষ্ণকান্ত সাহা এবং জেলার একাধিক পুলিশকর্তা ও প্রশাসনিক আধিকারিক।

অনুদান প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির জেলা সভাপতি উদয়শঙ্কর জানান, পুজোয় অনুদান পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বিবেচনা করে ক্লাবগুলির নাম ভাবা হবে। তিনি ক্লাবগুলিকে আবেদন করার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা দরখাস্ত করুন, আমি দায়িত্ব নিয়ে আপনাদের সেই টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব।”

ছবির শর্ত ও কড়া হুশিয়ারি

এর পরেই তিনি অনুদানপ্রাপ্ত ক্লাবগুলির জন্য শর্ত চাপিয়ে বলেন, “যে সমস্ত ক্লাব পুজোর অনুদান পাবে, সেই সব পুজোমণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি থাকা বাধ্যতামূলক। ছবি না লাগালে সংশ্লিষ্ট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” রাজনৈতিক অনুদানের ক্ষেত্রে এই ধরনের শর্ত এবং হুঁশিয়ারি নিয়ে স্থানীয় স্তরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

অন্য দিকে, রাজ্যে দুর্গাপুজোর সমন্বয় সাধনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে, যেখানে কার্তিক মহারাজকে চেয়ারম্যান করা হয়েছে এবং প্রায় ৪০০টি পুজো কমিটিকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.