কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগে বড়সড় রদবদল করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার। নীতি আয়োগের অন্যতম উপাধ্যক্ষ (ভাইস চেয়ারম্যান) হিসেবে মনোনীত করা হয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিদায়ী বিজেপি বিধায়ক তথা বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ীকে। পাশাপাশি, নীতি আয়োগের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে বিজ্ঞানী গোবর্ধন দাসকে। শুক্রবার এই নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের সময় বালুরঘাট কেন্দ্র থেকে অশোক লাহিড়ীর নাম প্রার্থীতালিকা থেকে বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছিল। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে এবার তাঁকে জাতীয় স্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল কেন্দ্রীয় সরকার।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ২০২১ সালের বিধানসভা ভোটের সময় পশ্চিমবঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞ মহলের ব্যক্তিত্বদের প্রার্থী হিসেবে তুলে ধরেছিল। সেই তালিকায় অর্থনীতিবিদ অশোক লাহিড়ী ছাড়াও ছিলেন বিজ্ঞানী গোবর্ধন দাস, স্বপন দাশগুপ্ত, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং অম্বুজাক্ষ মহান্তির মতো ব্যক্তিত্বরা। তাঁদের মধ্যে কেবল অশোক লাহিড়ীই বালুরঘাট থেকে জয়লাভ করেছিলেন।
অশোক লাহিড়ীর দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় রয়েছে ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা এবং পঞ্চদশ অর্থ কমিশনের সদস্য হিসেবে কাজ করার গৌরব। দিল্লি থেকে বাংলায় ফিরে এলেও প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সুসম্পর্ক বজায় ছিল। গত ১৪ মার্চ ব্রিগেডের জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বিশেষ আলাপচারিতাও নজর কেড়েছিল রাজনৈতিক মহলের।
অন্যদিকে, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) স্কুল অফ মলিকুলার মেডিসিনের অধ্যাপক গোবর্ধন দাস ২০২১ সালে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে সেবার তিনি জয়ী হতে পারেননি। এবার তাঁকে নীতি আয়োগের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হলো।

