কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিবর্তনের হাওয়া, বদল হতে পারে ঐতিহ্যবাহী লোগো

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিবর্তনের হাওয়া, বদল হতে পারে ঐতিহ্যবাহী লোগো

আগামী ১৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবের প্রাক্কালে এর লোগো পরিবর্তনের বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে উৎসব কর্তৃপক্ষ। শুক্রবার নন্দনে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে লোগো বদলের এই ভাবনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, যেখানে নতুন লোগোতে গেরুয়া রঙের ছোঁয়া থাকার সম্ভাবনাও জোরালো হয়েছে।

মিঠুন চক্রবর্তীর তত্ত্বাবধানে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, হিরণ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, চূর্ণী গঙ্গোপাধ্যায়, জুন মালিয়া, লকেট চট্টোপাধ্যায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়, পাপিয়া অধিকারী, সুদেষ্ণা রায়, অঞ্জনা বসু, হরনাথ চক্রবর্তী এবং প্রেমেন্দুবিকাশ চাকির মতো প্রবীণ ও নবীন তারকারা।

বৈঠক শেষে অভিনেত্রী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব রূপা গঙ্গোপাধ্যায় জানান, উৎসবের কমিটি গঠন এবং লোগো পরিবর্তনের বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। মিঠুন চক্রবর্তী একটি নতুন লোগোর পরামর্শ দিয়েছেন এবং উপস্থিত অন্যান্য বিশিষ্টজনেরাও মতামত দিয়েছেন। প্রস্তাবিত দুটি নতুন লোগোর মধ্যে একটি মাল্টিকালার এবং অন্যটি গেরুয়া রঙের। এই প্রস্তাবিত লোগোটি খতিয়ে দেখে তা চূড়ান্ত করবেন পরিচালক সন্দীপ রায়। লোগো চূড়ান্ত হলেই তা সরকারিভাবে প্রকাশ্যে আনা হবে।

প্রসঙ্গত, অতীতে বিভিন্ন সময়ে চলচ্চিত্র উৎসবের লোগো ও তার রূপায়ন নিয়ে নানা মতপার্থক্য দেখা গেছে। লোগো পরিবর্তনের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্ট পরিচালক গৌতম ঘোষ। তিনি জানান, গত বছরই তিনি নতুন লোগোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছিলেন, কারণ আগের লোগোটিকে মূলত একটি ট্যুরিস্টিক লোগো বলে মনে হয়েছিল তাঁর।

রাজনৈতিক মহলের মতে, রাজ্যে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজিত হতে চলেছে। এর আগে ২০১১ সালে পালাবদলের পরও চলচ্চিত্র উৎসবের লোগোতে পরিবর্তন এনে তাতে নীল রঙের ছোঁয়া দেওয়া হয়েছিল। ফলে এবারের উৎসবের লোগোয় সম্ভাব্য পরিবর্তন এবং গেরুয়া রঙের সংযুক্তিকে ঘিরে বিশেষ রাজনৈতিক তাৎপর্য দেখছে ওয়াকিবহাল মহল।

চলতি বছর চলচ্চিত্র উৎসবের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, দিল্লির ফিল্মস ডিভিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে জাতীয় ক্যালেন্ডার মেনে আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে, যা অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় স্তরে এক নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.