আঘাত হানার পরেও শক্তি হারাবে না আমফান, বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে তাণ্ডব

আঘাত হানার পরেও শক্তি হারাবে না আমফান, বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে তাণ্ডব

বুধবার বিকেলে স্থলভাগে আছড়ে পড়ার সময় আমফানের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৮৫ কিলোমিটার৷ তবে প্রাথমিক আঘাত হানার পরও সহজে শক্তিক্ষয় হবে না সুপার সাইক্লোনের৷ এমনই সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কয়েকটি জেলায় তাণ্ডব চালাবে আমফান৷

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘স্থলভাগে আঘাত হানার পর কলকাতার গা ঘেঁষে উত্তর এবং উত্তর-পূর্ব দিকে এগোতে থাকবে আমফান৷ এর পর নদিয়া এবং মুর্শিদাবাদ হয়ে বাংলাদেশের দিকে এগোবে সে৷’

আবহ দফতরের তরফে জানানো হয়েছে, বুলবুল বা ফণীর তুলনায় কলকাতার অনেক কাছ দিয়ে বয়ে যাবে আমফান৷ ফলে কলকাতাতেও ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে৷ সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে দুই চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলায়৷ আমফানের জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে৷ কলকাতা, হাওড়া, হুগলির মতো জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বিকেলের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হতে পারে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.