এস্তোনিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কার্যকলাপের অভিযোগ রাশিয়ার, পূর্ণাঙ্গ যুদ্ধের হুঁশিয়ারি পুতিন সরকারের

এস্তোনিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কার্যকলাপের অভিযোগ রাশিয়ার, পূর্ণাঙ্গ যুদ্ধের হুঁশিয়ারি পুতিন সরকারের

প্রতিবেশী দেশ এস্তোনিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ তুলল রাশিয়া। একই সঙ্গে পরিস্থিতির অবনতি হলে দেশটির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করার হুঁশিয়ারিও দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকার। মস্কো ও তালিনের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে এই হুঁশিয়ারি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইউক্রেনের মতো এস্তোনিয়াও একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। প্রথম বিশ্বযুদ্ধ এবং রুশ বিপ্লবের পর ১৯১৮ সালে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ১৯৩৯ সালে স্বাক্ষরিত ‘মলোটভ-রিবেনট্রপ চুক্তি’ অনুযায়ী, ১৯৪০ সালের জুনে এস্তোনিয়া আক্রমণ করে সোভিয়েত ইউনিয়ন। ওই বছরের অগস্টে দেশটিকে জোর করে মস্কোর নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

এর পর ১৯৪১ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত নাৎসি জার্মানির দখলে ছিল এস্তোনিয়া। পরে সোভিয়েত বাহিনী ফের দেশটির নিয়ন্ত্রণ নেয়। দীর্ঘ অহিংস আন্দোলন, যা ‘সিংগিং রেভোলিউশন’ বা ‘গানের বিপ্লব’ নামে পরিচিত, তার পর ১৯৯১ সালের অগস্টে সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হয়ে পূর্ণ স্বাধীনতা অর্জন করে এস্তোনিয়া।

সম্প্রতি রাশিয়ার সঙ্গে এস্তোনিয়ার সীমান্ত বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। সোমবার এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স মারেক উহতেগিকে তলব করে রুশ বিদেশ মন্ত্রক। এর পর মঙ্গলবার এস্তোনিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক কার্যকলাপের অভিযোগ তুলে কড়া অবস্থান নেয় মস্কো।

বাল্টিক সাগরে সম্প্রতি রাশিয়ার একটি জাহাজে ইউক্রেনের হামলার ঘটনাও এই উত্তেজনার অন্যতম কারণ। মস্কোর অভিযোগ, হামলাকারী ইউক্রেনীয় ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিলেন এস্তোনিয়ার প্রেসিডেন্ট উলে মাদিসে। সেই অভিযোগের পাশাপাশি রুশ সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েও এস্তোনিয়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ক্রেমলিন।

সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা অর্জনের সাড়ে তিন দশক পর ফের রাশিয়ার সঙ্গে সংঘাতের আশঙ্কায় এস্তোনিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে মস্কোর যুদ্ধের হুঁশিয়ারির পর পরিস্থিতি কোন দিকে এগোয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.