উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে আসন সমঝোতা নিয়ে টানাপড়েন ক্রমশ বাড়ছে। কংগ্রেসের তরফে ১২৬টি আসন চাওয়া হয়েছিল বলে খবর। কিন্তু জোটসঙ্গীকে মাত্র ২৬টি আসন ছাড়তে রাজি অখিলেশ যাদবের দল। মঙ্গলবার দ্বিতীয় দিনের বৈঠকের আগে এই প্রস্তাবের কথা প্রকাশ্যে জানান এসপি নেতা তথা অখিলেশের তুতো কাকা রামগোপাল যাদব। তাঁর দাবি, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতেই এই আসন বণ্টনের প্রস্তাব তৈরি করা হয়েছে।
মঙ্গলবার বৈঠকের আগে রামগোপাল বলেন, ‘‘আমরা কংগ্রেসকে ২৬টি আসন ছাড়ব বলে জানিয়েছি।’’ অন্য দিকে, আসন সমঝোতা নিয়ে আলোচনার আবহেই সমাজমাধ্যমে কংগ্রেস নেতৃত্বের উদ্দেশে বার্তা দিয়েছেন অখিলেশ। তাঁর আবেদন, আসন ভাগাভাগির আলোচনায় দুই পৃথক দলের প্রতিনিধি হিসেবে নয়, বরং ‘ইন্ডিয়া’ জোটের মনোনীত প্রার্থীদের যৌথ ভাবে বেছে নেওয়ার মানসিকতা নিয়ে এগোনো উচিত।
তবে সূত্রের খবর, রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খড়্গের নেতৃত্বাধীন কংগ্রেস অন্তত ১০০টি আসনের দাবি থেকে সরতে নারাজ। উত্তরপ্রদেশের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদও স্পষ্ট জানিয়েছেন, তাঁরা কোনও ভিক্ষা চাইছেন না। তাঁর কথায়, ‘‘আমরা ভিক্ষা চাইছি না।’’
এরই মধ্যে মঙ্গলবার রাতে পাঁচটি বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে সমাজবাদী পার্টি। সেই তালিকায় রয়েছে সহরনপুর জেলার বেহট কেন্দ্র থেকে উমর আলি খান, সহরনপুর (দেহাত) থেকে আশু মালিক, শামলির কইরানা থেকে নাহিদ হাসান, আমরোহা থেকে মাহবুব আলি এবং ললিতপুর থেকে জ্যোতি লোধি। উল্লেখযোগ্য বিষয়, এই পাঁচটি আসনের মধ্যে দু’টি কেন্দ্র কংগ্রেস দাবি করেছিল। আবার সহরনপুরের দু’টি আসন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ফলে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার আগেই এসপির এই একতরফা প্রার্থী ঘোষণা জোটের অন্দরে নতুন করে অস্বস্তি তৈরি করেছে।
রামগোপাল যাদব জানিয়েছেন, কংগ্রেসকে যে ২৬টি আসন ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে, তার মধ্যে ২০২২ সালের নির্বাচনে কংগ্রেসের জেতা দু’টি এবং দ্বিতীয় স্থানে থাকা চারটি আসন রয়েছে। অন্য দিকে, এসপি নেতা রামজীলাল সুমন কংগ্রেসের কাছে নমনীয় মনোভাব গ্রহণের আবেদন জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘কংগ্রেস নেতৃত্বের কাছে আমাদের বিনীত অনুরোধ, তাঁরা যেন বর্তমান পরিস্থিতির সংবেদনশীলতা বুঝে কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করেন। দেশের মানুষ এবং এই রাজ্যের মানুষও চান, আমরা একটা সমঝোতায় পৌঁছোই।’’
সোমবারের মতো মঙ্গলবারও আসন সমঝোতা নিয়ে বৈঠকে বসেন দুই দলের নেতারা। উত্তরপ্রদেশ কংগ্রেসের সভানেত্রী আরাধনা মিশ্র মোনার বাবা তথা রাজ্যসভার সাংসদ প্রমোদ তিওয়ারির ১৭, তিনমূর্তি মার্গের সরকারি বাসভবনে এই বৈঠক হয়। সোমবারের বৈঠক মাত্র ২০ মিনিটে শেষ হলেও মঙ্গলবার প্রায় তিন ঘণ্টা ধরে আলোচনা চলে। বৈঠক শেষে উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি পর্যবেক্ষক রাজেন্দ্রপাল গৌতম বলেন, ‘‘আলোচনা সঠিক পথেই এগোচ্ছে।’’
এর আগে একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অখিলেশ ইঙ্গিত দিয়েছিলেন, উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস ১৮১টি আসন দাবি করেছে। তার পর এসপির একাংশের নেতারা জানিয়েছিলেন, কংগ্রেসকে ৫০টির বেশি আসন ছাড়ার সম্ভাবনা নেই। কিন্তু রামগোপাল যাদবের মুখে ২৬টি আসনের প্রস্তাবের কথা শুনে রাজনৈতিক মহলে বিস্ময় তৈরি হয়। তার পর রাতের দিকে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করে সেই জল্পনা আরও বাড়িয়ে দেয় এসপি।
দুই দলের আসন সমঝোতা নিয়ে এই টানাপড়েনের পিছনে রয়েছে অতীতের নির্বাচনী অভিজ্ঞতাও। ২০১৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে এসপির সঙ্গে জোট করে ১০৫টি আসনে লড়েছিল কংগ্রেস। কিন্তু জয় এসেছিল মাত্র সাতটি কেন্দ্রে। অন্য দিকে, অখিলেশের দল জিতেছিল ৪৭টি আসনে। সেই নির্বাচনী বিপর্যয়ের পর দুই দলের জোট ভেঙে যায়।
এর পর ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট করেও প্রত্যাশিত ফল করতে পারেনি এসপি। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস একা ৩৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছিল মাত্র দু’টিতে। অন্য দিকে, জয়ন্ত চৌধরীর রাষ্ট্রীয় লোকদল এবং ওমপ্রকাশ রাজভরের সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির সঙ্গে জোট করে ৩৪৭টি আসনে লড়েছিল এসপি। জয় পেয়েছিল ১১১টি কেন্দ্রে। তবে নির্বাচনের পর অখিলেশের দুই জোটসঙ্গীই বিজেপির সঙ্গে হাত মেলায়।
সাম্প্রতিক সময়ে অবশ্য দুই দলের সম্পর্কের সমীকরণ বদলেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের হয়ে একসঙ্গে লড়ে উল্লেখযোগ্য সাফল্য পায় কংগ্রেস ও এসপি। বিজেপিকে পিছনে ফেলে উত্তরপ্রদেশে একক বৃহত্তম দল হয়ে ওঠে অখিলেশের সমাজবাদী পার্টি। ৮০টি লোকসভা আসনের মধ্যে ৬২টিতে লড়ে ৩৭টিতে জয় পায় এসপি। অন্য দিকে, ১৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছ’টিতে জয়ী হয় কংগ্রেস।
এই সাফল্যের পর আসন্ন বিধানসভা নির্বাচনে লখনউয়ের ক্ষমতা দখলকেই পাখির চোখ করেছেন অখিলেশ। সূত্রের খবর, অন্তত ৩৫০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর দলের। ফলে জোটসঙ্গী কংগ্রেসকে কতগুলি আসন ছাড়া হবে, তা নিয়ে এসপি নেতৃত্বের অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ। দুই দলের পরবর্তী বৈঠক আগামী ২৭ নভেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকেই আসন সমঝোতা নিয়ে জট কাটে কি না, এখন সেটাই দেখার।

