কাবেরী নদীর উপর প্রস্তাবিত মেকাদাতু বাঁধ প্রকল্পকে কেন্দ্র করে আরও তীব্র হল কর্নাটক ও তামিলনাড়ুর রাজনৈতিক সংঘাত। এ বার সেই বিরোধের আঁচ পৌঁছল দুই পড়শি রাজ্যের কংগ্রেস নেতৃত্বের মধ্যেও। কর্নাটকে কংগ্রেস সরকার মেকাদাতুতে বাঁধ নির্মাণে উদ্যোগী। অন্য দিকে, শুরু থেকেই এই প্রকল্পের বিরোধিতা করে আসছে তামিলনাড়ু। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রকল্পের দ্রুত অনুমোদনের আর্জি জানান কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার। তাঁর এই অবস্থানেই ক্ষুব্ধ তামিলনাড়ুর কংগ্রেস নেতৃত্ব।
শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে মেকাদাতু বাঁধ প্রকল্পের বিষয়ে কেন্দ্রের দ্রুত হস্তক্ষেপের আর্জি জানান শিবকুমার। মোদীকে ‘স্যার’ সম্বোধন করে তিনি বলেন, ‘‘মেকাদাতুতে বাঁধ নির্মাণ করতেই হবে। কেউ তা আটকাতে পারবে না। আমরা চাই, আপনি আমাদের আইনগত দিক থেকে সাহায্য করুন।’’ কর্নাটকের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই সরব হন তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস সভাপতি মণিকম টেগোর। শিবকুমারের অবস্থানকে তামিলনাড়ুর কৃষকদের স্বার্থের পরিপন্থী বলে আক্রমণ করেন তিনি। একই সঙ্গে কর্নাটকের মুখ্যমন্ত্রীর একগুঁয়ে মনোভাবেরও সমালোচনা করেন।
উল্লেখ্য, কাবেরী নদীর জল কর্নাটক হয়ে তামিলনাড়ুতে প্রবেশ করে। ফলে কর্নাটকে নদীর উপর বাঁধ নির্মিত হলে তামিলনাড়ুর কৃষকেরা জলের জোগান থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা সে রাজ্যের নেতৃত্বের। তাঁদের দাবি, মেকাদাতু প্রকল্প বাস্তবায়িত হলে তামিলনাড়ুর কৃষকদের জীবন-জীবিকা গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। শিবকুমারের অবস্থান যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেও অভিযোগ তুলেছেন মণিকম।
তামিলনাড়ু প্রদেশ কংগ্রেস সভাপতির স্পষ্ট হুঁশিয়ারি, কোনও ভাবেই এই প্রকল্প বাস্তবায়িত হতে দেওয়া হবে না। তাঁর কথায়, ‘‘তামিলনাড়ু কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের রাজ্যের অধিকার রক্ষার জন্য যে কোনও পর্যায়ে লড়াই করব।’’ মণিকমের দাবি, তামিলনাড়ুর সম্মতি ছাড়া মেকাদাতু প্রকল্পে অনুমোদন দেওয়া হলে তা বেআইনি হবে। পাশাপাশি এর ফলে রাজ্যের কৃষকদের জীবন-জীবিকার উপরেও মারাত্মক প্রভাব পড়তে পারে।
তবে বিরোধিতা সত্ত্বেও নিজের অবস্থান থেকে সরতে নারাজ শিবকুমার। শনিবারও তিনি দাবি করেন, ‘‘মেকাদাতুতে বাঁধ তৈরি হবেই। কেউ আটকাতে পারবে না।’’ যদিও নিজের দলেরই পড়শি রাজ্যের নেতৃত্বের আপত্তিতে পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর হয়ে উঠেছে কর্নাটকের মুখ্যমন্ত্রীর কাছে।
মণিকমের ক্ষোভ প্রশমনের চেষ্টা করে শিবকুমার বলেন, নিজের রাজ্যের স্বার্থ রক্ষা করা তামিলনাড়ুর প্রদেশ কংগ্রেস সভাপতির কর্তব্য। তবে প্রকল্পের বাস্তব পরিস্থিতি সম্পর্কে তাঁর ধারণা স্পষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। শিবকুমারের প্রস্তাব, মণিকম চাইলে একটি প্রতিনিধিদল নিয়ে কর্নাটকে আসতে পারেন। তাঁকে মেকাদাতুতে প্রস্তাবিত বাঁধ নির্মাণের এলাকা ঘুরিয়ে দেখানো হবে। কর্নাটকের মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্প আদতে তামিলনাড়ুর স্বার্থের পক্ষেই সহায়ক হবে।
সব মিলিয়ে কাবেরীর জলবণ্টন নিয়ে দুই রাজ্যের দীর্ঘদিনের বিরোধ নতুন করে রাজনৈতিক মাত্রা পেয়েছে। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই ইস্যুতে কর্নাটক ও তামিলনাড়ুর কংগ্রেস নেতৃত্বও এখন পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

