এক দিনের সিরিজ় খেলতে নিউ জ়িল্যান্ডে পৌঁছেছেন বিরাট কোহলি। অকল্যান্ড বিমানবন্দরে তাঁকে ঘিরে প্রবাসী ভারতীয় সমর্থকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রিয় ক্রিকেটারকে এক ঝলক দেখার পাশাপাশি তাঁর সঙ্গে ছবি তোলা এবং সই সংগ্রহের আশায় বহুক্ষণ ধরে বিমানবন্দরে অপেক্ষা করেছিলেন সমর্থকেরা। অন্য দিকে, নিউ জ়িল্যান্ডে পা রেখেই সময় নষ্ট না করে অনুশীলনে নেমে পড়েছেন কোহলি।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে বিমানবন্দরে কোহলিকে ঘিরে সমর্থকদের উচ্ছ্বাসের একাধিক ভিডিয়ো। বিমানবন্দর থেকে বেরোনোর সময় তাঁকে ঘিরে ধরেন অনুরাগীরা। নিরাপত্তারক্ষীদের বেষ্টনীর মধ্যেও কয়েক জন কোহলির কাছে পৌঁছনোর চেষ্টা করেন। এক মহিলা সমর্থক চিৎকার করে বলেন, ‘‘কোহলি ভাই, আপনার জন্য অনেক ঘণ্টা ধরে অপেক্ষা করছি। দয়া করে একটা ছবিতে সই করে দিন।’’
সমর্থকের আবদারে হাসিমুখে সাড়া দেন কোহলি। তাঁকে একটু অপেক্ষা করতে বলে ওই মহিলার নিয়ে আসা একটি পোস্টারে সই করে দেন ভারতীয় ক্রিকেটার। এর পর তাঁর সঙ্গে ছবি তোলারও অনুরোধ জানান ওই সমর্থক। তবে ক্রমশ ভিড় বাড়তে থাকায় নিরাপত্তারক্ষীরা দ্রুত কোহলিকে বিমানবন্দর থেকে বের করে নিয়ে যান।
এ দিকে, কোহলি নিউ জ়িল্যান্ডে পৌঁছনোর কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়। সেখানে কোহলি ও রোহিত শর্মাকে অনুশীলন করতে দেখা গিয়েছে। ভিডিয়োর সঙ্গে লেখা ছিল, ‘‘ওরা ফিরে এসেছে।’’
উল্লেখ্য, কোহলি ও রোহিতের আগেই নিউ জ়িল্যান্ডে পৌঁছে গিয়েছেন শুভমন গিল, কেএল রাহুলেরা। অন্য দিকে, জসপ্রীত বুমরাহ ও ঋষভ পন্থের এখনও সেখানে পৌঁছনো বাকি। এক দিনের সিরিজ়ের প্রস্তুতিতে ইতিমধ্যেই ব্যস্ত ভারতীয় দলের ক্রিকেটারেরা।

