উপাচার্যের পদত্যাগের দাবিতে এ বার লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করলেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) পড়ুয়াদের একাংশ। সোমবার থেকে প্রতিষ্ঠানের ক্যাম্পাসের ভিতরে এই কর্মসূচি শুরু হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর ক্যাম্পাসের ভিতরে ও বাইরে গোলমালের ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, বার বার দাবি জানানো সত্ত্বেও উপাচার্য তাঁদের সঙ্গে আলোচনায় বসছেন না। সমস্যা সমাধানের ক্ষেত্রেও কর্তৃপক্ষের তরফে প্রয়োজনীয় উদ্যোগ দেখা যাচ্ছে না।
আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, গত ২৭ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবরের ঘটনায় পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ যথেষ্ট তৎপর ছিলেন না। উপাচার্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। ওই ঘটনায় যাঁরা দোষী, তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ পড়ুয়াদের একাংশের। তাঁদের দাবি, ক্যাম্পাসে পর পর এমন ঘটনা ঘটার পরেও কর্তৃপক্ষের তরফে কার্যকর পদক্ষেপ না করা এবং পড়ুয়াদের অভিযোগকে গুরুত্ব না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
পড়ুয়াদের আরও অভিযোগ, প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসার সুযোগ মিলছে না। তাঁদের বক্তব্য, পড়ুয়াদের অভিযোগ শোনা এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু সেই উদ্যোগের অভাবেই উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।
এই পরিস্থিতিতে দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীদের একাংশ। উপাচার্যের পদত্যাগের পাশাপাশি সাম্প্রতিক গোলমালের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান—এই দাবিগুলিও আন্দোলনের কেন্দ্রে রয়েছে।
২৭ সেপ্টেম্বর ও ৪ অক্টোবর কী ঘটেছিল?
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) একটি সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এসআরএফটিআই ক্যাম্পাস। ওই কর্মসূচির প্রতিবাদ করায় পড়ুয়াদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’ (এবিজিপি)-র পশ্চিমবঙ্গ শাখার সদস্যদের বিরুদ্ধে। যদিও পড়ুয়াদের বিরুদ্ধেও মারধরের পাল্টা অভিযোগ তোলেন এবিজিপির সদস্য-সমর্থকেরা।
ওই ঘটনার প্রতিবাদে গত ৪ অক্টোবর, রবিবার, কর্মসূচির ডাক দিয়েছিল ‘হিন্দু জাগরণ মঞ্চ’। সে দিনও নতুন করে উত্তেজনা ছড়ায়। ক্যাম্পাসে প্রবেশের সব দরজা বন্ধ থাকলেও মিছিল করে এসে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যেরা সেখানে জড়ো হন বলে অভিযোগ। গেট ধরে ঝাঁকানোর অভিযোগও ওঠে তাঁদের বিরুদ্ধে। অন্য দিকে, গেটের ভিতরে কিছুটা দূরত্ব বজায় রেখে জমায়েত করেছিলেন পড়ুয়ারা।
দুই পক্ষের স্লোগান-পাল্টা স্লোগানের মধ্যেই পাথর ও ঢিল ছোড়াছুড়ি শুরু হয় বলে অভিযোগ। পড়ুয়াদের আরও দাবি, গেটে টাঙানো বি আর অম্বেডকরের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছিল। ওই ঘটনার পর এসআরএফটিআইয়ের রেজিস্ট্রার দীপক কুমার পঞ্চসায়র থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সাম্প্রতিক এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতেই কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে নেমেছেন পড়ুয়াদের একাংশ। তাঁদের দাবি, ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা এবং অভিযোগগুলির যথাযথ নিষ্পত্তির জন্য কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ করতে হবে।

