কলকাতা: শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে দক্ষিণ কলকাতার বিভিন্ন প্রান্তে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাহিত্য প্রদর্শন ও বিক্রয়ের জন্য মোট সাতটি গ্রন্থ বিপণনকেন্দ্র চালু হয়। সংঘের আদর্শ ও কার্যক্রম, ভারতীয় ইতিহাস, ঐতিহ্য এবং মনীষীদের জীবন ও চিন্তাধারার সঙ্গে সাধারণ পাঠকদের পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।
এই সাতটি কেন্দ্রের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পূজাপ্রাঙ্গণে আয়োজিত ‘রাষ্ট্রবোধ গ্রন্থনিকেতন’। আশুতোষ নগরের বৌদ্ধিক প্রমুখ শুভারুণ মিত্রের উদ্যোগে এবং স্বয়ংসেবকদের সহযোগিতায় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই বিশেষ গ্রন্থ প্রদর্শনী ও বিক্রয়কেন্দ্র পরিচালিত হয়। ‘ভারতীয় চিন্তন, সনাতন সংস্কৃতি ও রাষ্ট্রচেতনা’—এই ভাবনাকে সামনে রেখে এখানে বিভিন্ন প্রকাশনার সংঘসাহিত্য এবং ভারতীয় সংস্কৃতি ও মনীষীদের জীবনাদর্শ বিষয়ক বই সাজানো হয়।
উৎসবের দিনগুলিতে ‘রাষ্ট্রবোধ গ্রন্থনিকেতন’-এ আসেন প্রবীণ সংঘপ্রচারক লক্ষ্মীনারায়ণ ভাল্লা, বিভাগ প্রচারকবৃন্দ এবং সংঘের একাধিক বিশিষ্ট কার্যকর্তা। তাঁদের উপস্থিতি ও উৎসাহ এই উদ্যোগের সঙ্গে যুক্ত স্বয়ংসেবকদের অনুপ্রাণিত করে।
মাতৃআরাধনার সঙ্গে জ্ঞানচর্চার যোগসূত্র গড়ে তোলা এবং নবীন প্রজন্মের মধ্যে সংঘ সম্পর্কে জ্ঞান ও আগ্রহ, সাংস্কৃতিক চেতনা ও দেশাত্মবোধ জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

