পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামোর উন্নয়নে অর্থের অভাব হবে না। আগামী পাঁচ বছরে রাজ্যের সড়ক যোগাযোগ ব্যবস্থা আমেরিকার মতো উন্নত করে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই আশ্বাস দিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নিতীন গডকরী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে তিনি ঘোষণা করেন, পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামোর উন্নয়নে মোট এক লক্ষ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। তাঁর দাবি, এই ঘোষণা শুধু কথার কথা নয়। যে প্রতিশ্রুতি তিনি দেন, তা বাস্তবায়নও করেন।
কলকাতার যানজট সমস্যা মেটাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। এ জন্য ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান গডকরী। তাঁর কথায়, দিল্লি ও মুম্বইয়ের পর এ বার কেন্দ্রের নজরে কলকাতা। শহরকে আরও উন্নত এবং যানজটমুক্ত করে তুলতেই এই উদ্যোগ। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের রক্ষণাবেক্ষণ ও সংস্কার, নতুন সেতু নির্মাণ এবং দুই লেনের রাস্তা চার লেনে ও চার লেনের রাস্তা ছয় লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
কোলাঘাটের অনুষ্ঠানে ৮ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে ২২টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের পর কেন্দ্রীয় মন্ত্রী জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার কয়েক জন সদস্যের সঙ্গে বৈঠকে কলকাতার যানজট সমস্যা নিয়ে আলোচনা হয়েছিল। সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে রিং রোডের পরিকল্পনা করা হয়েছে। তাঁর কথায়, ‘‘আমি কলকাতাকে উন্নততর শহর হিসেবে গড়ে তুলতে চাই। যে কলকাতা হবে যানজটমুক্ত। ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোডের অনুমোদন ঘোষণা করছি।’’
নিজের ১৩ বছরের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজের অভিজ্ঞতার উল্লেখ করে গডকরী দাবি করেন, তাঁর ঘোষিত প্রকল্পের কাজ বাস্তবায়িত না হওয়া নিয়ে কোনও সাংবাদিক এখনও তাঁকে প্রশ্ন করার সুযোগ পাননি। অনেকটা ‘রাউডি রাঠৌর’ ছবির অক্ষয় কুমারের সংলাপের ভঙ্গিতে তাঁর মন্তব্য, ‘‘আমি যা বলব, তা করে দেখাব। যা বলব, তা নিশ্চিত ভাবেই করব।’’ পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রশংসা করে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্য একযোগে কাজ করছে। তাঁর আশ্বাস, আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের সড়ক যোগাযোগ ব্যবস্থা আমেরিকার রাস্তার মতো উন্নত হবে।
কেন্দ্রীয় মন্ত্রীর ঘোষণার পর তাঁর প্রশংসা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যকে দু’হাত খুলে সহযোগিতা করছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত যে সমস্যাগুলি রয়েছে, সেগুলিও মিটে যাবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি রাজ্যকে ১০ হাজার বৈদ্যুতিক গাড়ি দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান মুখ্যমন্ত্রী।
দক্ষিণেশ্বর-বেলুড় রোপওয়ে নিয়েও উদ্যোগ
সড়ক প্রকল্পের পাশাপাশি পর্যটন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে রোপওয়ে নির্মাণের পরিকল্পনাও সামনে এসেছে। দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে তৈরির বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যেই ডিটেলড প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) এবং মানচিত্র তৈরির কাজ শেষ হয়েছে। তাঁর কথায়, ‘‘কার্শিয়াং-দার্জিলিংয়ের কথা আগেই বলা হয়েছে। বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরের রোপওয়ের বিষয়ে সাত দিন হল ডিপিআর এবং ম্যাপ তৈরি হয়েছে।’’
রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ককে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। তবে শুধু মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রীর আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয়। এর জন্য প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদন প্রয়োজন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আবেদন জানাবেন তিনি।
এ প্রসঙ্গে শুভেন্দুর অভিযোগ, গত ১৫ বছরে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখেনি। ফলে কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ থেকেও রাজ্য বঞ্চিত হয়েছে। তাঁর বক্তব্য, জাতীয় সড়ক কর্তৃপক্ষ চাইলেই রাজ্য সড়কের দায়িত্ব নিতে পারে না। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দফতরের হস্তক্ষেপ প্রয়োজন। সেই অনুমোদনের জন্যই তিনি আবেদন জানাবেন।
জেলা সদরগুলিকে চার লেনের রাস্তার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা
রাজ্যের সড়ক নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নিয়েও একাধিক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সমস্ত জেলা সদরকে চার লেনের রাস্তার মাধ্যমে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বেশ কিছু রাস্তা ছয় লেনে উন্নীত করার পরিকল্পনাও তৈরি হয়েছে। ইতিমধ্যে একাধিক প্রকল্পের ডিপিআর প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন এলাকায় বেহাল রাস্তা চিহ্নিত করে সেগুলির সংস্কারের কাজও শুরু হবে বলে জানিয়েছেন তিনি।
সব মিলিয়ে, পশ্চিমবঙ্গের সড়ক পরিকাঠামোর উন্নয়নে একাধিক বড় প্রকল্পের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী। প্রকল্পগুলির বাস্তবায়ন হলে রাজ্যের যোগাযোগ ব্যবস্থা, শহরের যানজট নিয়ন্ত্রণ এবং পর্যটন পরিকাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে। গডকরীর কথায়, সড়ক উন্নয়নের ক্ষেত্রে আপাতত শুধু ‘ট্রেলার’ দেখানো হয়েছে, পুরো ‘পিকচার’ এখনও বাকি।

