পুণেতে ফের ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, প্রেমিকাকে পিটিয়ে খুনের অভিযোগ লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে

পুণেতে ফের ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, প্রেমিকাকে পিটিয়ে খুনের অভিযোগ লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে

পুণেতে ফের এক মহিলা ইঞ্জিনিয়ারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। এ বার হিঞ্জেওয়াড়ি এলাকায় এক সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। প্রেমিকের বিরুদ্ধে অন্য মহিলার সঙ্গে সম্পর্কে জড়ানোর অভিযোগ তুলেছিলেন ওই তরুণী। তা নিয়ে দু’জনের মধ্যে শুরু হয় বচসা। অভিযোগ, সেই বিবাদ থেকেই হাতাহাতি এবং শেষ পর্যন্ত মারধরের ঘটনা ঘটে। পুলিশের দাবি, প্রেমিকার মৃত্যুর পর তাঁর দেহের পাশেই সারা রাত কাটান অভিযুক্ত। পরের দিন সকালে নিজেই পুলিশকে ফোন করে ঘটনার কথা জানান।

মৃতার নাম কোমল দহাল। অভিযুক্ত শুভম জ্ঞানেশ্বর। দু’জনেই পেশায় সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ার। তিন বছরেরও বেশি সময় ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পরিকল্পনাও করেছিলেন তাঁরা। মহারাষ্ট্রের ওয়ার্ধার বাসিন্দা কোমল এবং বুলধনা এলাকার বাসিন্দা শুভম কর্মসূত্রে পুণেতে থাকতেন। দু’জনের কর্মক্ষেত্র আলাদা হলেও দীর্ঘ দিন ধরে একসঙ্গে বসবাস করছিলেন। তাঁদের সম্পর্কের কথা দুই পরিবারের সদস্যেরাও জানতেন। বিয়েতে পরিবারের আপত্তি ছিল না বলেও জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, গত কয়েক দিন ধরেই দু’জনের মধ্যে সম্পর্কের টানাপড়েন চলছিল। কোমলের সন্দেহ ছিল, শুভম তাঁকে আড়ালে রেখে অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এই বিষয়টি নিয়ে প্রায়ই তাঁদের মধ্যে কথা কাটাকাটি হত। অভিযোগ, এমনই এক বিবাদের সময় আচমকা কোমলের উপর চড়াও হন শুভম। তাঁর মাথা ও ঘাড়ে লাথি এবং ঘুষি মারেন। গুরুতর আঘাতে সংজ্ঞা হারান কোমল। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।

অভিযোগ, প্রেমিকার মৃত্যুর পরও শুভম কাউকে কিছু জানাননি। বরং সারা রাত কোমলের নিথর দেহের পাশেই শুয়ে ছিলেন তিনি। পর দিন সকালে নিজেই পুলিশকে ফোন করে গোটা ঘটনার কথা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কোমলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শুভমকে।

কী কারণে দু’জনের মধ্যে বিবাদের সূত্রপাত হয়েছিল এবং ঠিক কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সম্পূর্ণ বিবরণ জানতে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, গত অক্টোবর মাসেও পুণেতে এক মহিলা ইঞ্জিনিয়ার তৃষ্ণা রাহুল শকপালের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনায় মৃতার বাবার অভিযোগ ছিল, বিয়ের পর থেকেই তাঁর মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। শাশুড়ির নামে বাবার পৈতৃক সম্পত্তি লিখে দেওয়ার জন্য তৃষ্ণার উপর চাপ সৃষ্টি করছিলেন শ্বশুরবাড়ির সদস্যেরা। পাশাপাশি, শ্বশুরের নামে এক কোটি টাকার ফ্ল্যাট কিনে দেওয়ার জন্যও তাঁকে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছিলেন মৃতার বাবা। ওই ঘটনায় খুনের অভিযোগও দায়ের করা হয়েছিল। পর পর দুই মহিলা ইঞ্জিনিয়ারের মৃত্যুর ঘটনায় পুণেতে উদ্বেগ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.