ডার্বির আগে আল হুসেইনই বড় পরীক্ষা, জয় ছাড়া ভাবছেন না হাবাস! চোট ও রক্ষণ নিয়ে উদ্বেগ ইস্টবেঙ্গলে

ডার্বির আগে আল হুসেইনই বড় পরীক্ষা, জয় ছাড়া ভাবছেন না হাবাস! চোট ও রক্ষণ নিয়ে উদ্বেগ ইস্টবেঙ্গলে

মরসুমের শুরুটা ভাল হলেও সাম্প্রতিক সময়ে ছন্দ হারিয়েছে ইস্টবেঙ্গল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ নকআউট পর্বে ওঠার রাস্তা কঠিন হয়ে গিয়েছে। পাশাপাশি আইএসএলেও নিয়মিত পয়েন্ট নষ্ট করছে দল। এই পরিস্থিতিতে মঙ্গলবার জর্ডনের আল হুসেইনের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে জিততে মরিয়া লাল-হলুদ শিবির। শুধু প্রতিযোগিতায় টিকে থাকাই নয়, রবিবারের ডার্বির আগে দলকে আত্মবিশ্বাসী করে তোলাও লক্ষ্য কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসের।

তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে চোট ও খেলোয়াড়ের অনুপস্থিতি নিয়ে চিন্তায় রয়েছেন হাবাস। আনোয়ার আলির না থাকা এবং দিল্লির বিরুদ্ধে ম্যাচে এডমুন্ড লালরিনডিকার চোট পাওয়া দলের পরিকল্পনায় প্রভাব ফেলেছে। যদিও কোচের স্পষ্ট বক্তব্য, যারা দলে নেই, তাদের নিয়ে হতাশ হয়ে লাভ নেই। বরং উপলব্ধ ফুটবলারদের নিয়েই সেরা দল গড়ার চেষ্টা করছেন তিনি। হাবাসের আশঙ্কা, মঙ্গলবারের ম্যাচে খারাপ ফল হলে তার প্রভাব পড়তে পারে ডার্বিতেও। অন্য দিকে, জয় পেলে দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে।

ম্যাচের আগে হাবাস বলেন, ‘‘আনোয়ার ও এডমুন্ড দু’জনেই দলের গুরুত্বপূর্ণ ফুটবলার। তবে যারা নেই, তাদের নিয়ে হতাশ হয়ে লাভ নেই। বরং আল হুসেইন ম্যাচে দলকে কী ভাবে গুছিয়ে নেওয়া যায়, সেই চেষ্টাই করছি।’’

গত কয়েকটি ম্যাচে আইভরি কোস্টের স্ট্রাইকার আকে লোবাকে প্রথম একাদশে রাখেননি হাবাস। তা নিয়ে ফুটবল মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। যদিও আগের ম্যাচে লোবার গোলেই হার এড়াতে সক্ষম হয়েছিল ইস্টবেঙ্গল। এ বার এডমুন্ডের অনুপস্থিতিতে ডেভিড ও লোবা প্রথম একাদশে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন কোচ। মঙ্গলবারের অনুশীলনেও তেমনই ছবি দেখা গিয়েছে। রক্ষণে দিয়েগো জিভুলিচের সঙ্গে সন্দীপ মান্ডি খেলতে পারেন।

ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়েও প্রশ্ন উঠছে। গত চারটি ম্যাচে মোট ন’টি গোল হজম করেছে দল। এই পরিসংখ্যান নিয়ে প্রশ্ন করা হলে পকেট থেকে একটি চিরকুট বার করে পরিসংখ্যান দেখান হাবাস। তাঁর বক্তব্য, ‘‘এর মধ্যে শুধু চেন্নাইয়িন ম্যাচেই পাঁচ গোল খেয়েছিলাম। তিন গোল করেওছি। শুধু রক্ষণ নয়, গোটা দলের খেলাতেই উন্নতি দরকার।’’

দলের সাম্প্রতিক পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে গিয়ে ব্যস্ত সূচির কথাও তুলে ধরেছেন স্প্যানিশ কোচ। তাঁর দাবি, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ এবং আইএসএলের ম্যাচ একই সময়ে চলায় প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না দল। হাবাসের কথায়, ‘‘শুনলে অজুহাত মনে হবে। তবে এএফসি ও আইএসএলের খেলা একই সময়ে পড়ায় অসুবিধা হচ্ছে। যাতায়াত ও ম্যাচ খেলার জন্য সাত দিনে মাত্র এক দিন অনুশীলন করতে পারছি। দলের ভুলত্রুটি শোধরানো বা কৌশল নিয়ে কাজ করার সুযোগই পাচ্ছি না।’’

তবে একই সময়ে একাধিক প্রতিযোগিতায় খেলার অভিজ্ঞতা বিশ্বের বিভিন্ন লিগের দলগুলির রয়েছে। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আইএসএলের পাশাপাশি প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগে অংশ নেওয়ায় এই পরিস্থিতি সামলানোর চ্যালেঞ্জ কিছুটা নতুন।

অন্য দিকে, চোট ও ব্যস্ত সূচির সমস্যায় জর্জরিত ইস্টবেঙ্গলের বিপরীতে বেশ ভাল ছন্দে রয়েছে জর্ডনের ক্লাব আল হুসেইন। দলটির কোচ কুরো তোরেস এক সময় ভ্যালেন্সিয়ায় হাবাসের অধীনে খেলেছেন। ফলে দুই কোচের মধ্যে পরিচিতিও রয়েছে। ইস্টবেঙ্গলের স্প্যানিশ ফুটবলার দানি রামিরেজকেও চেনেন তোরেস। ভ্যালেন্সিয়ায় সহকারী কোচ থাকার সময় তাঁর প্রশিক্ষণেই খেলেছিলেন রামিরেজ।

মঙ্গলবারের ম্যাচটি দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপে চার ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে রয়েছে আল হুসেইন। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ইরাকের আল শোরতা। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ওমানের আল সিব। অন্য দিকে, চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট পেয়েছে ইস্টবেঙ্গল।

এই পরিস্থিতিতে আল হুসেইনকে হারাতে পারলে আট পয়েন্টে পৌঁছে নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা জোরদার করবে জর্ডনের দল। অন্য দিকে, ইস্টবেঙ্গলের কাছে সমীকরণ আরও কঠিন। পরের পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে মঙ্গলবার জয়ের কোনও বিকল্প নেই। ড্র করলেই নকআউটে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যাবে লাল-হলুদ শিবিরের। তাই ডার্বির প্রস্তুতির পাশাপাশি আপাতত হাবাসের যাবতীয় নজর আল হুসেইন ম্যাচের দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.