পঞ্জাবে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: এ জার্নি অফ লভ’ ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হল দিল্লিতে। ১৯৮৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লিতে শিখবিরোধী হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি আত্মজীবনীতে যথাযথ সহমর্মিতা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ তুলেছে বিজেপি ও শিরোমণি অকালি দল নিয়ন্ত্রিত দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি (ডিএসজিএমসি)। বৃহস্পতিবার স্বজনহারানো কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে রাকাবগঞ্জ গুরুদ্বারের সামনে সনিয়ার আত্মজীবনীর কপি পুড়িয়ে বিক্ষোভ দেখান তাঁরা।
ডিএসজিএমসির সভাপতি হরমিত সিংহ কালকা এবং সাধারণ সম্পাদক জগদীপ সিংহ কাঁহলোর নেতৃত্বে বিক্ষোভকারীরা গুরুদ্বারের ‘ওয়াল অফ ট্রুথ’-এর সামনে জমায়েত হন। সেখানে কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। হরমিতের অভিযোগ, সনিয়ার আত্মজীবনীতে ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং শিখ সম্প্রদায়ের দুর্ভোগের যথাযথ প্রতিফলন ঘটেনি। অন্য দিকে, জগদীপের বক্তব্য, ‘‘চার দশক পেরিয়ে যাওয়ার পরও নিহতদের পরিবার ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে।’’
উল্লেখ্য, আত্মজীবনীতে ১৯৮৪ সালের শিখবিরোধী হিংসাকে ‘ভারতের ইতিহাসের একটি মর্মান্তিক ও লজ্জাজনক অধ্যায়’ বলে উল্লেখ করেছেন সনিয়া। সেই সময় রাজীব গান্ধীর ‘বড় গাছ পড়লে মাটি কেঁপে ওঠে’ মন্তব্যটি নিয়েও দীর্ঘদিন বিতর্ক হয়েছে। আত্মজীবনীতে সনিয়ার দাবি, তাঁর স্বামীর মনে কোনও গোঁড়ামি বা বিদ্বেষ ছিল না। তবে ইন্দিরা গান্ধীর হত্যার পর অত্যন্ত সঙ্কটময় পরিস্থিতিতে রাজীবকে আচমকাই ক্ষমতার কেন্দ্রে আসতে হয়েছিল। ফলে পরিস্থিতি যথাযথ ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। ইন্দিরা হত্যার খবর ছড়িয়ে পড়ার পর দ্রুত দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল বলেও লিখেছেন তিনি।
তবে আত্মজীবনীতে ঘটনার বিবরণ নিয়েও আপত্তি তুলেছে বিজেপি ও অকালি নেতৃত্ব। সনিয়া লিখেছেন, ইন্দিরা গান্ধী হত্যার দিন, অর্থাৎ ৩১ অক্টোবর সন্ধ্যাতেই দিল্লিতে শিখবিরোধী হিংসা নিয়ন্ত্রণে সেনা মোতায়েন করা হয়েছিল। কিন্তু বিজেপি নেতা এইচএস ফুলকার দাবি, হিংসার তদন্তে গঠিত মিশ্র কমিশনের রিপোর্ট অনুযায়ী, সেনাকে ডাকা হয়েছিল ১ নভেম্বর।
সনিয়ার বইয়ে উল্লেখ রয়েছে, তৎকালীন সেনাপ্রধান জেনারেল এএস বৈদ্য দেহরাদূন থেকে সেনা আনার সিদ্ধান্ত নিয়েছিলেন। অন্য দিকে, বিজেপি ও অকালি নেতৃত্বের দাবি, মিশ্র কমিটির রিপোর্টে বলা হয়েছে, ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দিল্লিতে পাঁচ হাজারের বেশি সেনা উপস্থিত থাকলেও তাঁদের যথাযথ ভাবে মোতায়েন করা হয়নি।
আত্মজীবনীতে সনিয়া লিখেছেন, ‘‘শুধু রাজধানীতেই ২,০০০-এরও বেশি মানুষকে অত্যন্ত নিষ্ঠুর ভাবে ও ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল।’’ বিক্ষোভকারীদের পাল্টা দাবি, সময়মতো সেনা মোতায়েন করা হলে দিল্লিতেই প্রাণ বাঁচানো সম্ভব হত অন্তত ২,০০০ শিখের। ফলে চার দশক আগের সেই হিংসার ঘটনা এবং তার পরবর্তী প্রশাসনিক ভূমিকা নিয়ে সনিয়ার আত্মজীবনীকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।

