প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন করার ছ’মাসের মধ্যেই নরওয়ের সাংবাদিক হেলে লিং স্বেনসেনের ভারতীয় ভিসা বাতিলের অভিযোগ উঠল। কোনও নির্দিষ্ট কারণ না জানিয়েই শেষ মুহূর্তে তাঁর ভারতে আসার অনুমতি প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিক। এ নিয়ে বিদেশ মন্ত্রকের ভূমিকা ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তা প্রকাশ করে লিং জানিয়েছেন, তাঁকে কেন ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না, সে বিষয়ে অসলোর ভারতীয় দূতাবাস কোনও ব্যাখ্যা দেয়নি। তাঁর দাবি, বৈধ ভিসা এবং রাজনৈতিক ছাড়পত্র (পলিটিক্যাল ক্লিয়ারেন্স) থাকা সত্ত্বেও বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার মাত্র ১০ মিনিট আগে দূতাবাস থেকে ফোন করে তাঁকে ভারতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে প্রধানমন্ত্রী মোদীর নরওয়ে সফরের সময় অসলোতে তাঁকে প্রশ্ন করেছিলেন লিং। তাঁর প্রশ্ন ছিল, ‘‘প্রধানমন্ত্রী মোদী, বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের কাছ থেকে কেন আপনি কিছু প্রশ্নের উত্তর নিচ্ছেন না?’’ সাংবাদিকের অভিযোগ, প্রশ্নের কোনও উত্তর না দিয়েই সেখান থেকে চলে যান প্রধানমন্ত্রী। সেই ঘটনার পরেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলার কারণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে সে সময় বিদেশ মন্ত্রককেও হস্তক্ষেপ করতে হয়।
এ বার ভিসা বাতিলের নেপথ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের ভূমিকা রয়েছে বলেও অভিযোগ করেছেন লিং। যদিও এ বিষয়ে কোনও নির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি বলে তাঁর দাবি।
কাজের সূত্রেই ভারতে আসার কথা ছিল নরওয়ের এই সাংবাদিকের। হায়দরাবাদে তেলঙ্গানা সরকার আয়োজিত ‘ভারত সম্মেলনে’ গণমাধ্যমের ভবিষ্যৎ এবং সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে বক্তৃতা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ভারতে আসার ঠিক আগের মুহূর্তে ভিসা বাতিল হওয়ায় সেই কর্মসূচিতেও যোগ দিতে পারেননি তিনি।

