নন্দীগ্রামের ‘অপারেশন সূর্যোদয়’ মামলা ফের খোলার হুঁশিয়ারি শুভেন্দুর, নিশানায় তৃণমূল ও সিপিএম

নন্দীগ্রামের ‘অপারেশন সূর্যোদয়’ মামলা ফের খোলার হুঁশিয়ারি শুভেন্দুর, নিশানায় তৃণমূল ও সিপিএম

২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাজনৈতিক সংঘর্ষ থেকে শুরু করে ১৭ বছর আগের নন্দীগ্রামের রক্তাক্ত ‘অপারেশন সূর্যোদয়’—একাধিক পুরনো ঘটনার তদন্ত ও মামলার হিসাব নতুন করে খতিয়ে দেখার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূল এবং সিপিএমকে একই বন্ধনীতে রেখে তাঁর অভিযোগ, দুই দলই রাজ্যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। শনিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ সভা থেকে নন্দীগ্রামের ‘অপারেশন সূর্যোদয়’ মামলার ফাইল নতুন করে খোলার কথা ঘোষণা করেন তিনি।

বিরোধী দলনেতা থাকাকালীন তৃণমূলের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক হামলার অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। এ দিন গড়বেতার সভায় সেই ঘটনাগুলির প্রসঙ্গ ফের সামনে আনেন তিনি। ২০২৪ সালের মে মাসে লোকসভা নির্বাচনের সময় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর উপর হামলার অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী।

অভিযোগ ছিল, ঝাড়গ্রামে ভোটগ্রহণের দিন তৃণমূলের হামলায় আহত হয়েছিলেন প্রণত। তাঁর নিরাপত্তারক্ষীরাও জখম হয়েছিলেন বলে দাবি করা হয়েছিল। গড়বেতা হাসপাতালে চিকিৎসার পর পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির ওই চিকিৎসক-প্রার্থী। শনিবার সেই ঘটনার এফআইআরের প্রতিলিপি চান শুভেন্দু। পুলিশমন্ত্রী হিসাবে তিনি জানতে চান, ওই মামলায় কত জনকে গ্রেফতার করা হয়েছিল। উল্লেখ্য, পাল্টা প্রণতের বিরুদ্ধেও এক মহিলাকে নির্যাতনের অভিযোগ তুলেছিল তৃণমূল।

সভায় প্রণতের উদ্দেশে শুভেন্দু বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিন তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। ওই ঘটনার এফআইআরের প্রতিলিপি চেয়ে তিনি জানান, মামলায় কত জন গ্রেফতার হয়েছেন, তা খতিয়ে দেখা হবে। যাঁরা গ্রেফতার হননি, তাঁদের প্রত্যেককে গ্রেফতার করে জেলে পাঠানোর হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী। কেশপুরে একই ধরনের অত্যাচারের ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি।

এর পর বিধানসভা নির্বাচনের আগে চন্দ্রকোনায় নিজের কনভয়ে হামলার প্রসঙ্গ তোলেন শুভেন্দু। তাঁর দাবি, পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই রাতে তাঁকে থানায় বসে থাকতে হয়েছিল। ওই ঘটনায় আরও অনেকে আক্রান্ত হয়েছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, অতীতের কোনও ঘটনাই তিনি ভুলে যাননি।

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের পর এ বার নিশানা করেন সিপিএমকে। দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের একটি মন্তব্যের সমালোচনা করে শুভেন্দু ঘোষণা করেন, ১৭ বছর আগের নন্দীগ্রামের ‘অপারেশন সূর্যোদয়’ সংক্রান্ত মামলাও নতুন করে খতিয়ে দেখা হবে।

২০০৭ সালে জমি আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। সেখানে রাজনৈতিক জমি পুনরুদ্ধারের লক্ষ্যে ১০ নভেম্বর ‘অপারেশন সূর্যোদয়’ অভিযানের ডাক দিয়েছিল তৎকালীন শাসক সিপিএম। সেই রক্তাক্ত অভিযানে প্রাণ হারিয়েছিলেন জমি আন্দোলনের একাধিক নেতা-কর্মী। তার পর থেকে প্রতি বছর ১০ নভেম্বর নন্দীগ্রামে শহিদ স্মরণ কর্মসূচি পালন করে তৃণমূল। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে আলাদা ভাবে ওই কর্মসূচি পালন করেন শুভেন্দুও।

শনিবার গড়বেতার সভা থেকে শুভেন্দুর অভিযোগ, নন্দীগ্রামে অভিযানের জন্য পশ্চিম মেদিনীপুরের গড়বেতার সিপিএমের পার্টি অফিস থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়া হয়েছিল। ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম—একাধিক ঘটনার উল্লেখ করে তিনি জানান, ওই সব মামলার তদন্ত নতুন করে শুরু করা হবে। তাঁর কথায়, গড়বেতা থেকে বন্দুক নিয়ে গিয়ে যাঁরা নন্দীগ্রামের রক্তাক্ত অভিযানে অংশ নিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাও ফের খোলা হবে।

এই প্রসঙ্গে গড়বেতার একদা প্রভাবশালী সিপিএম নেতা তপন ঘোষের নামও তোলেন মুখ্যমন্ত্রী। তপন ঘোষ এবং সুকুর আলির নাম জড়ানো মামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানতে চান, তপন ঘোষ এখন কোথায় রয়েছেন। জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানার দিকে তাকিয়ে শুভেন্দু বলেন, অভিযুক্তদের খুঁজে বার করার নির্দেশ দিয়ে যাবেন। তাঁদের জেলে দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।

এ দিনের সভায় জঙ্গলমহলে বিজেপির নির্বাচনী ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল ও সিপিএমকে একযোগে আক্রমণ করে তাঁর মন্তব্য, ‘‘এখন যাহা তৃণমূল, তাহাই সিপিএম।’’ দুই দল মিলে রাজ্যে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করে কর্মীদের তা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও দলীয় নেতা-কর্মীদের সতর্ক করেন শুভেন্দু। পুলিশ রাস্তায় দাঁড়িয়ে টাকা চাইছে কি না, গরু পাচার হচ্ছে কি না, সে দিকে নজর রাখার পরামর্শ দেন তিনি। বালি পাচার বন্ধ হয়েছে কি না, তা নিয়েও খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

এ ছাড়াও সভা থেকে গড়বেতাকে মহকুমার স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেন শুভেন্দু। জানান, আগামী বাজেটে এই সংক্রান্ত ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.