‘বিগ বস্‌ বাংলা’র পর আরও এক নতুন শোয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়! নভেম্বর থেকেই শুরু শুটিং?

‘বিগ বস্‌ বাংলা’র পর আরও এক নতুন শোয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়! নভেম্বর থেকেই শুরু শুটিং?

‘দাদাগিরি’র সাফল্যের পর বর্তমানে ‘বিগ বস্‌ বাংলা’র সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বার টেলিভিশনের পর্দায় আরও একটি নতুন নন-ফিকশন শো নিয়ে হাজির হতে চলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক। সূত্রের খবর, সব কিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের নভেম্বর থেকেই শুরু হতে পারে এই নতুন গেম শোয়ের শুটিং। তবে অনুষ্ঠানটির নাম এবং সম্প্রচারের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

সূত্রের খবর, ২০২৫ সালে চার বছরের জন্য ১২৫ কোটি টাকার চুক্তিতে সই করেছিলেন সৌরভ। সেই চুক্তি অনুযায়ী, ‘বিগ বস্‌ বাংলা’র পর একই চ্যানেলে আরও একটি নন-ফিকশন শো সঞ্চালনা করার কথা তাঁর। নতুন এই অনুষ্ঠানের ফরম্যাটও হবে আগের শোয়ের তুলনায় বেশ আলাদা।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানটির প্রচারের প্রথম ঝলক। তা থেকে ইঙ্গিত মিলেছে, এই গেম শোয়ে টাকা জেতার জন্য প্রশ্ন ও উত্তর— দু’টির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে দর্শকের। তবে অনুষ্ঠানের নিয়মাবলি, পুরস্কারের অঙ্ক কিংবা প্রতিযোগিতার ধরন সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

সৌরভের টিমের তরফে জানানো হয়েছে, নতুন শোয়ের শুটিং এখনও শুরু হয়নি। আগামী সপ্তাহে এই সংক্রান্ত একটি বৈঠক হওয়ার কথা। সেই বৈঠকের পরেই অনুষ্ঠানটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সব কিছু ঠিকঠাক থাকলে নভেম্বর থেকেই শুটিং শুরু হতে পারে।

এ দিকে, ‘বিগ বস্‌ বাংলা’র সম্প্রচার শেষ হতে এখনও দেরি রয়েছে। সে ক্ষেত্রে নতুন গেম শো এবং ‘বিগ বস্‌ বাংলা’ একই সময়ে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। নতুন অনুষ্ঠানটির নাম কী হবে, তা নিয়েও রয়েছে কৌতূহল।

উল্লেখ্য, ২০০৯ সালে টেলিভিশনের পর্দায় প্রথম সম্প্রচারিত হয়েছিল ‘দাদাগিরি’। এই অনুষ্ঠানের হাত ধরেই সঞ্চালক হিসেবে টেলিভিশন জগতে আত্মপ্রকাশ করেন সৌরভ। পরবর্তী সময়ে ‘দাদাগিরি’র ন’টি সিজ়নে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সেই জনপ্রিয়তার পর এ বার নতুন গেম শোয়ের মাধ্যমে দর্শকদের সামনে আরও এক বার হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.