টাইগার শ্রফকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি, হামলার দায় স্বীকার বিশ্নোই গ্যাংয়ের! আহত অভিনেতা ও চালক

টাইগার শ্রফকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি, হামলার দায় স্বীকার বিশ্নোই গ্যাংয়ের! আহত অভিনেতা ও চালক

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের জুহু এলাকার একটি ফুটবল ক্লাব থেকে বিএমডব্লিউ গাড়িতে বেরোনোর সময় তাঁর গাড়ি লক্ষ্য করে পর পর পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় আহত হয়েছেন অভিনেতা এবং তাঁর গাড়িচালক। এক অটোচালকও জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান টাইগার।

ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, জুহুর ফুটবল ক্লাব থেকে গাড়িতে বেরোচ্ছেন টাইগার। তিনি চালকের পাশের আসনে বসে অনুরাগীদের দিকে হাত নাড়ছিলেন। গাড়িটি ক্লাবের গেট পেরোতেই এক যুবক সামনে এসে বন্দুক বার করে উইন্ডস্ক্রিন লক্ষ্য করে পর পর গুলি চালাতে শুরু করেন। এর পর আরও এক যুবক বন্দুক নিয়ে এগিয়ে এসে টাইগারের বসার দিকের জানলা লক্ষ্য করে গুলি চালান। পরে দু’জনেই তৃতীয় এক ব্যক্তির বাইকে চড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

‘অভি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। তা ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে। তারকাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

সূত্রের খবর, এই হামলার দায় স্বীকার করেছে বিশ্নোই গ্যাং। ঘটনার পরে সমাজমাধ্যমে একটি পোস্টে অনিল পণ্ডিত ও অনিল হরমন সন্ধু হামলার নেপথ্যে থাকার কথা জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। তাঁরা বিশ্নোই গ্যাংয়ের ঘনিষ্ঠ বলে খবর। পোস্টে হিন্দিতে লেখা বক্তব্যের সারমর্ম, টাইগারকে ফোন করে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি তা বোঝেননি। তাই তাঁকে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, মুম্বইয়ের যে সব চলচ্চিত্র তারকা তাদের কথা শুনবেন না এবং সলমন খানের সঙ্গে কাজ করবেন, তাঁদেরও পরবর্তী লক্ষ্য করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

এই ঘটনার পর বলিউডে নিন্দার ঝড় উঠেছে। পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খুঁজে বার করতে ১৫টি দল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। টাইগারের বাড়ির বাইরেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

রবিবার রাতে অভিনেতার বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। পরে সাংবাদিকদের তিনি বলেন, “এটি অত্যন্ত গুরুতর ঘটনা। পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে সৌভাগ্যবশত টাইগার নিরাপদে রয়েছেন। তাঁর গাড়িচালক আহত হয়েছেন।” তিনি এই হামলার তীব্র নিন্দাও করেন।

শিন্দে জানান, গুলিতে সরাসরি আঘাত না লাগলেও বারুদের প্রভাব এবং ভাঙা কাচের টুকরোর কারণে টাইগারের বাঁ হাতে চোট লেগেছে। অভিনেতা এবং তাঁর মা, দু’জনেই এই ঘটনায় আতঙ্কিত বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.