নেশাগ্রস্ত অবস্থায় দিল্লি-জয়পুর সড়কের পাশে একটি গভীর, খোলা নর্দমায় পড়ে রইলেন এক মার্কিন তরুণী। তাঁকে উদ্ধার করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হল স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, উদ্ধারে এগিয়ে আসা এক তরুণের সঙ্গে অভব্য আচরণ করেন ওই বিদেশিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে স্থানীয়দের উদ্যোগে তাঁকে নর্দমা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গভীর, খোলা নর্দমায় পড়ে রয়েছেন ওই তরুণী। সেখান থেকে উঠে আসার কোনও চেষ্টাই করছেন না তিনি। তাঁকে ওই অবস্থায় দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। অভিযোগ, উদ্ধারের চেষ্টা চলাকালীন এক ব্যক্তির সঙ্গে অভব্য আচরণ করেন তরুণী।
ভিডিয়োয় দেখা যায়, এক যুবক নর্দমার সামনে গিয়ে তরুণীর হাত ধরে তাঁকে টেনে তোলার চেষ্টা করছেন। কিন্তু উঠে আসার চেষ্টা না করে ওই যুবকের দিকে এগিয়ে তাঁর হাতে কামড় বসানোর চেষ্টা করেন তরুণী। তাঁর এই আচরণ ঘিরে ঘটনাস্থলে ভিড় জমে যায়। ‘ক্যান্টইনইস্ট’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তরুণীর আক্রমণাত্মক আচরণ সত্ত্বেও স্থানীয় কয়েক জন বাসিন্দা শেষ পর্যন্ত তাঁকে নর্দমা থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। নোংরা জল ও কাদায় পড়ে গিয়ে তিনি সামান্য আহত হন বলে জানা গিয়েছে। পরে তাঁকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর কিছু সময় পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে।
দক্ষিণ-পশ্চিম দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ অমিত গোয়ল জানিয়েছেন, চিকিৎসার পর ওই মহিলাকে তাঁর দেশের দূতাবাসের হাতে তুলে দেওয়া হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তরুণীকে উদ্ধারের সময় স্থানীয়দের ভিড় জমে যাওয়ায় প্রায় এক ঘণ্টা ধরে এলাকায় বিশৃঙ্খলা চলে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

