দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত, পুরনো ক্ষত ভুলে জয়ের লক্ষ্য হরমনপ্রীতদের

দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত, পুরনো ক্ষত ভুলে জয়ের লক্ষ্য হরমনপ্রীতদের

ঠিক দু’বছর আগের মহিলা এশিয়া কাপ ফাইনালে এই শ্রীলঙ্কার কাছেই উড়ে গিয়েছিল ভারত। প্রতিবেশী দেশের ব্যাটারদের সামনে সেই হারের ক্ষত এখনও টাটকা। রবিবার দুবাইয়ের বাইশ গজে সেই পুরনো হিসাব মেটানোর সুবর্ণ সুযোগ হরমনপ্রীত কৌরের সামনে। মহারণের আগের দিন অধিনায়ক সতীর্থদের স্পষ্ট বার্তা দিয়েছেন, ফাইনালে প্রত্যেকে যেন নিজেদের সেরাটা উজাড় করে দেন। পাশাপাশি, ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নিয়ে খেলার অনুরোধও করেছেন তিনি।

চলতি প্রতিযোগিতায় ভারতের পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স করে ফাইনালে জায়গা করে নিয়েছে একমাত্র শ্রীলঙ্কাই। ফাইনাল ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, “প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে যখন আপনি ম্যাচ খেলতে নামবেন, সেই দিন নিজের শক্তি কাজে লাগানোই আসল কথা। নিজের দক্ষতার উপরে ভরসা রাখতে হবে। বাড়তি কিছু করার চেষ্টা না করে নিজের শক্তির উপর বিশ্বাস রাখতে হবে। নিজেকে নিজেই অনুপ্রাণিত করতে হবে।”

পাকিস্তানকে কড়া লড়াইয়ের মুখে ফেলে ফাইনালে উঠলেও শ্রীলঙ্কা দলকে বিন্দুমাত্র হালকা ভাবে নিতে নারাজ হরমনপ্রীত। তাঁর সাফ কথা, “শেষ বার শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনাল খেলার দিন ওরা দুর্দান্ত পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিল এবং দারুণ খেলেছিল। টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট, যেখানে আসল দিনে যে ভাল খেলবে সে-ই জিতবে। এখানে কাগজে-কলমে কোনো দল কারও চেয়ে শক্তিশালী বা দুর্বল নয়। ম্যাচের দিন দল কেমন পারফর্ম করছে, তার উপরেই সব নির্ভর করে।”

টুর্নামেন্টের বিভিন্ন ম্যাচে যেভাবে সতীর্থরা এগিয়ে এসে দলের প্রয়োজনে নিজেদের দায়িত্ব পালন করেছেন, তাতে ভীষণ খুশি হরমনপ্রীত। দলের প্রশংসা করে তিনি জানান, “দলের প্রত্যেকে আমার কাছে সমানভাবে গুরুত্বপূর্ণ এবং তাঁদের অবদান আমি সব সময় মনে রাখব। সুযোগ পেয়েই প্রত্যেকে দুর্দান্ত খেলে নিজেদের প্রমাণ করেছে ও প্রশংসা আদায় করে নিয়েছে। যদিও আমাদের ব্যাটিং বিভাগ মাঝেমাঝেই কিছু সমস্যায় পড়েছে, তবুও তারা স্কোরবোর্ডে দলের জন্য যথেষ্ট রান তুলেছে। একই সঙ্গে বোলারেরাও দরকারের সময় দলের আস্থার মান রেখেছে এবং ভালো বল করেছে।” রবিবার দুবাইয়ের ফাইনালে সেই দলগত পারফরম্যান্সেরই পুনরাবৃত্তি ঘটিয়ে ট্রফি ঘরে তুলতে মুখিয়ে রয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.