২০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে কোনো মাশুল নেওয়া যাবে না: অর্থ মন্ত্রক

২০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে কোনো মাশুল নেওয়া যাবে না: অর্থ মন্ত্রক

ইউপিআইয়ের (UPI) মাধ্যমে ২০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে কোনো মাশুল বা সার্ভিস চার্জ নিতে পারবে না ব্যাঙ্ক এবং পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি। সোমবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই স্পষ্ট করে জানিয়ে দিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। রুপে ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।

সোমবার কেন্দ্রের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ইউপিআইয়ের মাধ্যমে টাকা পাঠানোর সময় প্রেরক বা গ্রহীতা—কাউকেই কোনো মাশুল দিতে হবে না। ব্যাঙ্ক কিংবা কোনো পরিষেবা প্রদানকারী সংস্থাও এই লেনদেনের জন্য কোনো চার্জ কাটতে পারবে না। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশে ২৪ হাজার কোটিরও বেশি বার ইউপিআইয়ের মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে, যার মোট আর্থিক মূল্য প্রায় ৩১৪ লক্ষ কোটি টাকা।

সম্প্রতি এ সংক্রান্ত ‘পেমেন্ট অ্যান্ড সেট্‌লমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭’-এর সংশোধনী বিল সংসদে পাস হয়েছে। বিলে এই সংস্থান রাখা হয়েছে যে, সরকার ভবিষ্যতে বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের সার্ভিস চার্জ বা লেভি নেওয়ার অনুমতি দিতে পারবে। যদিও ইউপিআই পেমেন্টে বর্তমানে কোনো চার্জ বা ফি কার্যকর করার প্রস্তাব নেই। এই বিল পাস হওয়াকে কেন্দ্র করে আগে থেকেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল এবং বিভিন্ন মহলে এর সমালোচনাও দেখা দেয়।

পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে যিনি টাকা দিচ্ছেন, তাঁকে কোনো মাশুল দিতে হবে না; বরং ব্যবসায়ীদেরই সেই মাশুল বহন করতে হবে। এর রেশ ধরেই সোমবার কেন্দ্র নতুন বিজ্ঞপ্তি জারি করে নিশ্চিত করল যে, ২০০০ টাকা পর্যন্ত সমস্ত লেনদেন সম্পূর্ণ মাশুলহীন বা চার্জমুক্তই থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.